কর্ণফুলী টানেল অর্থনীতিকে সমৃদ্ধ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতিকে একটা সুখবর দিতে চাই| আমাদের বহুল প্রত্যাশিত চট্টগ্রামের কর্ণফুলী টানেল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে৷ এ নিয়ে সোমবার চীনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চীনের সাংহাইয়ের মতো নদীর দুই পারে দুটি শহর হবে। এটি আমাদের জাতীয় অর্থনীতিকে ব্যাপক সমৃদ্ধ করবে।’
যোগাযোগমন্ত্রী গতকাল মঙ্গলবার সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত সড়ক নিরাপত্তামূলক প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম, সড়ক ও জনপথের ঢাকা সার্কেলের প্রকৌশলী শাহাবুদ্দিন খান, বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার আবদুল বাতেন, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মডেল শিমুল, হুমায়রা হিমু প্রমুখ। মন্ত্রী আরও বলেন, যানজট হচ্ছে জাতীয় সমস্যা, দুর্ঘটনা হচ্ছে জাতীয় দুর্ভাবনা। সড়ক দুর্ঘটনা বন্ধ করতে সামাজিক আন্দোলনকে বেছে নেওয়া হয়েছে। যানবাহনগুলোকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করাই নাগরিক দায়িত্ব। এই আন্দোলন এক দিনের জন্য নয়। সড়ক দুর্ঘটনা বন্ধ করতে সব এলাকায় সচেতনতা সৃষ্টি করা হবে। এ কার্যক্রম প্রথমে ঢাকা ও এর আশপাশ এবং পর্যায়ক্রমে সারা দেশে বাড়ানো হবে।
সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সড়ক দুর্ঘটনা একটি সামাজিক সমস্যা। প্রতিটি দুর্ঘটনা শুধু যে কিছু মানুষের জীবন যাচ্ছে, তা-ই নয়৷ দুর্ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর, সামাজিক অস্থিরতা দেখা দেয়। এতে জাতীয় অর্থনীতিতে সড়ক দুর্ঘটনার বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এক হিসাবে দেখা গেছে, গত বছর ২৫ থেকে ২৮ হাজার গািড় ভাঙচুর হয় শুধু সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে। এ ব্যাপারে সরকারের সঙ্গে আমরা নাগরিক সমাজ এবং বিভিন্ন সংগঠন দল মতের ঊর্ধ্বে থেকে কাজ করব।’