কর্ণফুলী টানেল নির্মাণের পর উপশহরে রূপ নেবে আনোয়ারা: ভূমি প্রতিমন্ত্রী
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, শিগগিরই কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের কাজ শুরু হবে। এটি নির্মিত হলে আনোয়ারা উপশহরে রূপ নেবে। এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে আনোয়ারা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত করার লক্ষ্যে কাজ চলছে।
গতকাল শনিবার সকালে চট্টগ্রামের আনোয়ারা কলেজ ছাত্রলীগ আয়োজিত সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহসভাপতি মো. আবছারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারার ইউএনও গৌতম বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাহাউদ্দিন খালেক শাহজী, উপজেলা যুবলীগের সভাপতি আছহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ওসমান গনি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী প্রমুখ।