কর্ণফুলী টানেলের প্রকল্প এলাকায় চীনা প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের প্রকল্প এলাকা পরিদর্শন করেছে চীনা প্রতিনিধিদল। পরে তারা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
সিডিএর সূত্র জানায়, চীন সরকারের কারিগরি ও আর্থিক সহায়তায় কর্ণফুলী নদীর মোহনায় এই টানেল নির্মাণ করা হবে। চীনা প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কর্ণফুলী নদীর মোহন ও উভয় পাড় পরিদর্শন করে। ২৬ সদস্যের প্রতিনিধিদলে চীন সরকারের পররাষ্ট্র দপ্তর, দূতাবাসের কর্মকর্তা, চায়না ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন নির্মাণ ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন অব চায়নার উপপরিচালক অধ্যাপক সান জুগং।
পরে গতকাল বিকেলে সিডিএর সম্মেলনকক্ষে প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম, সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা, উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান প্রমুখ।
সভায় সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী জানান, প্রায় সাত হাজার কোটি টাকা ব্যয়ে চার লেনের টানেল নির্মাণ করা হবে। টানেলের দৈর্ঘ্য হবে প্রায় সাড়ে তিন কিলোমিটার ও নদীর উভয় পাশে ছয় কিলোমিটারের সংযোগ সড়ক নির্মাণ করা হবে।