
আগামী ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রোববার চট্টগ্রামে এক আলোচনা সভায় এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আগামী ১০ অক্টোবর চীনের প্রেসিডেন্ট তিন দিনের সফরে বাংলাদেশে আসবেন। এরপর ১০ থেকে ১৩ অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট যৌথভাবে টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণে গত বছরের ৩০ জুন চীনের কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির (সিসিসিসি) সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগের চুক্তি হয়। চীনের রাজধানী বেইজিংয়ে এই চুক্তি হয়।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ গতকাল বিকেলে নগরের মুসলিম হলে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য দেন পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের সাংসদ ওয়াসিকা আয়েশা খান, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) রয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ ৮১৫ কিলোমিটার সীমান্তজুড়ে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে সীমান্ত সড়কের নির্মাণকাজ আগামী বছর শুরু হবে। এ ছাড়া আগামী বছরের শেষের দিকে ২২৫ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে বলে জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট হলো ১৫ আগস্টের ষড়যন্ত্রের ধারাবাহিকতা। একই সূত্রে গাঁথা। খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘১৫ আগস্টের সঙ্গে আপনাদের যদি যোগ না থাকত, খুনিদের পুরস্কৃত না করতেন, তাহলে আর একবার হন্তারক চক্র জিয়াউর রহমানকে হত্যার দুঃসাহস দেখাতে পারত না। খুন খুনকে ডেকে আনে। পলাশী থেকে ধানমন্ডি পর্যন্ত সব ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের একজনেরও স্বাভাবিক মৃত্যু হয়নি।’
নেতা-কর্মীদের ক্ষমতার দাপট না দেখানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এখন যারা হাইব্রিড, দুঃসময়ে তাদের হাজার পাওয়ারের বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না। রাজনীতি থেকে সৌজন্যবোধ চলে গেছে উল্লেখ করে তিনি বলেন, ২০ বছর আগে আওয়ামী লীগের ব্যানার-পোস্টারে ‘সৌজন্য নাম’ ছিল না। পার্টির নাম ছিল। এখন পার্টির নাম হারিয়ে গেছে। ব্যক্তির নাম এসে যাচ্ছে। বিলবোর্ড, ব্যানার, পোস্টারে সৌজন্য নামের বহর যত বাড়ছে রাজনীতি থেকে সৌজন্যবোধও তত কমে যাচ্ছে।