কর্ণফুলী তীরের ২১৮১ অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে থাকা ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কয়েক দফা নির্দেশনাসহ গতকাল মঙ্গলবার এ রায় দেন।
আদালত এসব স্থাপনা সরাতে ৯০ দিন সময় দিয়েছেন। রায় হাতে পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়টি জানিয়ে স্থানীয় পত্রিকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও চট্টগ্রামের জেলা প্রশাসককে নোটিশ দিতে বলা হয়েছে।
কর্ণফুলী নদী রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ২০১০ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করে মানবাধিকার ও পরিবেশ-বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আদালত এ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৮ জুলাই হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। পাশাপাশি জরিপ করে কর্ণফুলী নদীর তীরে থাকা অবৈধ স্থাপনার তালিকা দাখিল করতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেন আদালত। এই নির্দেশনা অনুসারে জেলা প্রশাসক গত বছরের ৯ জুন আদালতে তালিকা দাখিল করেন। রুলের ওপর শুনানি নিয়ে গতকাল আদালত রায় দেন।
আদালতের নির্দেশনায় বেঁধে দেওয়া ওই ৯০ দিন পেরোনোর পর জরিপ প্রতিবেদনে আসা এসব স্থাপনা তিন মাসের মধ্যে অপসারণ করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) বলা হয়েছে। এ কাজে চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারকেও সহযোগিতা করতে বলা হয়েছে।
রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক।
পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের জরিপ প্রতিবেদনে ২ হাজার ১৮৭টি অবৈধ স্থাপনা রয়েছে। এর মধ্যে নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তিনটি করে ছয়টি স্থাপনা রয়েছে। এগুলো অপসারণের আওতা থেকে আদালত আপাতত অব্যাহতি দিয়েছেন। তবে ওই দুই কর্তৃপক্ষ ছাড়পত্রের জন্য যদি আবেদন করে তাহলে পরিবেশ অধিদপ্তর জনস্বার্থ বা রাষ্ট্রীয় প্রয়োজন মনে করলে তা বিবেচনা করবে বলে বলেছেন আদালত। অপসারণের বিষয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন জেলা প্রশাসকসহ বিবাদীদের দাখিল করতে নির্দেশনা দিয়ে আদালত বলেছেন, বিষয়টি চলমান পর্যবেক্ষণে থাকবে।
কর্ণফুলী নদীর তীরে এসব অবৈধ স্থাপনার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান ও ছোট-মাঝারি কারখানা রয়েছে।