কর্ণফুলী থানাকে উপজেলা ঘোষণায় আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী থানাকে উপজেলা ঘোষণা করায় গতকাল বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মইজ্জারটেক এলাকায় আনন্দমিছিল বের করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা l ছবি: প্রথম আলো
কর্ণফুলী থানাকে উপজেলা ঘোষণা করায় গতকাল বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মইজ্জারটেক এলাকায় আনন্দমিছিল বের করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দাদের উপজেলা পটিয়া, থানা কর্ণফুলী এবং সংসদীয় আসন আনোয়ারা। গতকাল সোমবার ঢাকায় সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে কর্ণফুলী থানাকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ৪৯০তম উপজেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটছে কর্ণফুলীর।
চট্টগ্রামের পটিয়া উপজেলার আওতাধীন কর্ণফুলী থানাকে পৃথক উপজেলা করার সিদ্ধান্তের খবর প্রচার হওয়ার পর গতকাল বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন কর্ণফুলী থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
কর্ণফুলীবাসীকে এত দিন ত্রিমুখী প্রশাসনিক জটিলতায় দিন কাটাতে হয়েছে। এখন উপজেলা ঘোষণা করায় মানুষের দুর্ভোগ কমবে বলে ভাবা হচ্ছে।
কর্ণফুলী থানা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা ত্রিমুখী প্রশাসনিক জাঁতাকল থেকে রক্ষা পেলাম, এখন থেকে আমরা থানা নয়, উপজেলার বাসিন্দা।’
কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা শফিক আহমেদ বলেন, ‘উপজেলা ঘোষণার দাবি আমাদের দীর্ঘদিনের। এই অঞ্চলের মানুষের স্বপ্ন এটি। আশা করি, উপজেলা বাস্তবায়নের কার্যক্রম দ্রুত শুরু করা হবে।’
মইজ্জ্যারটেক এলাকার আকতারুজ্জমান চৌধুরী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ জামাল আহমদ। তিনি বলেন, পশ্চিম পটিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি কর্ণফুলী থানাকে উপজেলা ঘোষণা করা। দাবি পূরণ হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, শিকলবাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসলাম আহমদ, কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, শিকলবাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম, বড় উঠান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক উল্লাহ, কর্ণফুলী থানা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার প্রমুখ।