কর্ণফুলী থানার ওসিসহ চার পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ ও পরিদর্শক উত্তম কুমার দেবসহ পুলিশের চার সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন স্থানীয় এক বাসিন্দা। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে এ মামলা করেন মইজ্জারটেক এলাকার বাসিন্দা মঈনুদ্দিন আল মাইজভান্ডারি। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, বিচারক নগর গোয়েন্দা শাখা পুলিশের উপকমিশনারকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, আরজিতে বাদী অভিযোগ করেন, দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় ওই পুলিশ সদস্যরা তাঁর একটি জায়গা দখলে এক ব্যক্তিকে সহযোগিতা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন থানার উপপরিদর্শক (এসআই) আতাউল হক ও হারুনুর রশীদ। এ ছাড়া শিকলবাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালামকেও আসামি করা হয়েছে।