কর্ণফুলী থেকে চারটি অবৈধ ঘাট উচ্ছেদ

শাহ আমানত সেতুর নিচে কর্ণফুলী নদীর তীর থেকে পণ্য খালাসের চারটি ঘাট উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে অভিযান চালিয়ে বালুর বস্তা, বাঁশ ও কাঠ দিয়ে বানানো এসব ঘাট উচ্ছেদ করা হয়।
এসব অবৈধ স্থাপনা ব্যবহার করে লাইটার জাহাজ থেকে কয়লা ও সিমেন্ট খালাস হতো। এ জন্য বন্দর থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলে বন্দর কোনো মাশুলও পায়নি।
চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ঘাট পরিচালনাকারীরা কেউ উপস্থিত ছিলেন না। আদালত লাইটার জাহাজ এমভি যামানা-১-এর মাস্টারকে ১০ হাজার টাকা ও কয়লা আমদানিকারক আতিকুর রহমানের পক্ষের মাঝি বাদল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন। কয়লাভর্তি জাহাজ দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন আদালত। অভিযান শেষে ঘাটে ব্যবহৃত কাঠ ও অবৈধ ড্রেজারের পাইপ উন্মুক্ত নিলামে ৬৩ হাজার টাকায় বিক্রি করা হয়।
ঘাট উচ্ছেদের পর শাহ আমানত সেতুর উত্তর পাশে শিকলবাহা খালের কাছে হাজি এ রহমান ডক ইয়ার্ডে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ডক খালি করার জন্য উপস্থিত শ্রমিকদের নির্দেশও দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম বলেন, বন্দরের অনুমতি ছাড়াই ঘাট ও ডক ইয়ার্ড পরিচালনা করা হচ্ছিল।
অভিযানে পুলিশ, চট্টগ্রাম বন্দরের নিজস্ব আনসার সদস্যরা অংশ নেন। বন্দর কর্তৃপক্ষের উপব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমানও উপস্থিত ছিলেন।