কর্ণফুলী থেকে বাবা ও দুই সন্তানের লাশ উদ্ধার
ঈদ শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ বাবা ও তার দুই ছেলেমেয়ের লাশ আজ শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে নদীর বিভিন্নস্থানে তিনজনের লাশ ভেসে ওঠে।
এঁরা হলেন ব্যবসায়ী মো. হারুন (৪০), তাঁর ছেলে মারুফ (১৩) ও মেয়ে ইশরাত (৭)। তাঁদের বাড়ি জেলার চন্দনাইশের বৈলতলি গ্রামে।
ঈদের ছুটি শেষে গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হারুন সপরিবারে নৌকায় করে চট্টগ্রাম নগরের বাসায় ফিরছিলেন। পথে তাঁদের নৌকাটি আরেকটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। একই নৌকায় হারুনের স্ত্রী পারভিন ও ছেলে মিরাজ ছিলেন। তাঁদের স্থানীয় মাঝিরা উদ্ধার করতে সক্ষম হলেও হারুন দুই শিশু সন্তান মারুফ ও ইশরাত ডুবে যায়।
দুর্ঘটনার পর কোস্টগার্ড উদ্ধার অভিযান চালায়। কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকালে নদীর বিভিন্নস্থানে লাশ তিনটি ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশ উদ্ধারের খবর শুনে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, নদী থেকে বাবা ও ছেলেমেয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পরে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়।
হারুনের ময়নাতদন্ত করা হলেও ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে শিশু দুজনের ময়নাতদন্ত করা হয়নি। এসব লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়।