কর্ণফুলী থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে রিদওয়ানুল ইসলাম রক্তিম (২৫) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ থাকার এক দিন পর গত মঙ্গলবার রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
রিদওয়ানুল মৃত আবদুল মজিদ মৃধার ছেলে। তাঁর পরিবার ঢাকার কল্যাণপুর এলাকার ১ নম্বর রোডের ১২ নম্বর বাসায় বাস করে। রিদওয়ানুল নগরের চান্দগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতেন।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, পয়লা বৈশাখের দিন বিকেলে বন্ধুদের নিয়ে কর্ণফুলী নদীতে নৌভ্রমণে যান রিদওয়ানুল। মাঝনদীতে নৌকার কিনারে দাঁড়িয়ে ছবি তোলার সময় পা ফসকে পানিতে পড়ে যান। তখন নদীতে খোঁজাখুঁজি করেও লাশ পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে কর্ণফুলীর আনুমাঝির ঘাটে লাশ ভেসে ওঠার পর স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হয়েছে।