কর্ণফুলী থেকে সেই বিজ্ঞাপন নির্মাতার মৃতদেহ উদ্ধার
অবশেষে কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে বিজ্ঞাপন নির্মাতা জাহিদ হোসেনের মৃতদেহ। সেনা, নৌ ও পুলিশের উদ্ধারকারী দল তিন দিন খোঁজাখুঁজির পর গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি ইউনিয়নের মধ্যম বেতাগি গ্রামের সাজু মেম্বারের বাড়িসংলগ্ন কর্ণফুলী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, ২৩ জানুয়ারি রোববার রাত সাড়ে আটটায় চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্ণফুলী নদী পারাপারের সময় ফেরি চলাকালে পা পিছলে পড়ে গিয়ে ডুবে যান জাহিদ হোসেন। ওই সময় ইঞ্জিনচালিত নৌকা নিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। ২৪ জানুয়ারি সকাল থেকে কাপ্তাই সেনা ও নৌবাহিনীর ডুবুরি দল চন্দ্রঘোনা ফেরিঘাট থেকে প্রায় চার-পাঁচ কিলোমিটার ভাটির দিকে কর্ণফুলী নদীর তলদেশে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু গতকাল দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার ভাটির দিকে উপজেলার বেতাগি ইউনিয়নের মধ্যম বেতাগি গ্রামের সাজু মেম্বারের বাড়িসংলগ্ন কর্ণফুলী নদীর পানিতে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। দুপুর একটায় পুলিশ, সেনা ও নৌবাহিনীর উদ্ধারকারী দল নদী থেকে জাহিদ হোসেনের মৃতদেহ উদ্ধার করে।উল্লেখ্য, জাহিদ হোসেন ঢাকার বিজ্ঞাপনী সংস্থা রেডডট মাল্টিমিডিয়া লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার। তিনি ঢাকার মিরপুর এলাকার কচুক্ষেতের বাসিন্দা। আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রচারের জন্য বাংলাদেশ পর্যটন করপোরেশনের একটি বিজ্ঞাপন চিত্র নির্মাণের লক্ষ্যে ৫৬ জনের একটি দল নিয়ে তিনি ২৩ জানুয়ারি দুপুরে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে রাঙ্গুনিয়া উপজেলার প্রাকৃতিক নৈসর্গ কোদালা চা বাগানে আসেন।