কর্ণফুলী দখল করে দোকান নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদী দখল করে চট্টগ্রাম সিটি করপোরেশনে দোকান নির্মাণের প্রতিবাদে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন গত মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন এবং মিছিল-সমাবেশ করেছে। পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা অবিলম্বে কর্ণফুলীর জায়গা দখল করে তৈরি দোকান ভাঙার দাবি করে বলেন, নগরের সৌন্দর্য বাড়ানোর দায়িত্ব সিটি করপোরেশনের। অথচ করপোরেশনই দিন দিন চট্টগ্রাম শহরকে শ্রীহীন করে তুলছে।জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় চট্টগ্রামের ভারপ্রাপ্ত মেয়র এম মঞ্জুর আলম কর্ণফুলী নদীর ভরাট হওয়া জায়গায় চামড়াগুদাম থেকে ফিশারিঘাট পর্যন্ত প্রায় এক কিলোমটাির দীর্ঘ এবং ৪০ ফুট প্রস্থ একটি সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করেন। এ বি এম মহিউদ্দিন চৌধুরী আবার মেয়রের দায়িত্ব নেওয়ার পর ওই সড়কের এক পাশ দখল করে ৫৭টি দোকান নির্মাণ করেন।চামড়াগুদাম থেকে ফিশারিঘাট পর্যন্ত নবনির্মিত সংযোগ সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ এতে অংশ নেয়। আশপাশের জেলে সম্প্রদায়ের লোকজন ঢোল বাজিয়ে কর্মসূচিতে যোগ দিলে মানববন্ধন সমাবেশে রূপ নেয়।পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি জামাল নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন অধ্যাপক মুহম্মদ সিকান্দার খান, স্থপতি জেরিনা হোসেন, কবি আবুল মোমেন, প্রকৌশলী আলী আশরাফ, মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক, ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম প্রমুখ।পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের কর্ণফুলী নদী ও পরিবেশ কমিটির সদস্যসচিব শাহরিয়ার খালেদ বলেন, এ সড়কের জায়গার মালিক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর নকশার অনুমোদন দেওয়ার কর্তৃত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। কিন্তু নিজেদের কর্মকাণ্ড সঠিকভাবে পালন করতে না পারায় বন্দর কর্তৃপক্ষ ও সিডিএ মেরুদণ্ডহীন ও প্রতিবন্ধী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।