কর্ণফুলী দূষণ রোধে সাম্পানর্যালি
কর্ণফুলী দখল ও দূষণমুক্ত করার দাবিতে গতকাল শুক্রবার কর্ণফুলী নদীতে ‘সাম্পান র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের ২৩টি সংগঠনের সহযোগিতায় চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে কর্ণফুলী গবেষক অধ্যাপক ইদ্রিছ আলী বলেন, নিজের স্বকীয়তা হারিয়ে কর্ণফুলী এখন অসুস্থ। সঠিক পরিচর্যার মাধ্যমে কর্ণফুলীকে রক্ষা করা না হলে ভবিষ্যতে কর্ণফুলীও ঢাকার বুড়িগঙ্গায় পরিণত হবে।
ইদ্রিছ আলী বলেন, আশা করা হয়েছিল, ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন হলে কর্ণফুলী তার স্বাভাবিক রূপ ফিরে পাবে। ক্যাপিটাল ড্রেজিংয়ে শতাধিক কোটি টাকা ব্যয় হয়েছে। এতে কর্ণফুলীর রোগ আরও বেড়েছে।
সকাল ১০টায় র্যালির উদ্বোধন করেন লায়ন হাকিম আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইউনুস হাসান, চাঁটগাইয়া সংস্কৃতি মেলার প্রধান সমন্বয়ক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমির নির্বাহী পরিচালক আলীউর রহমান প্রমুখ। সাম্পান র্যালিতে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
আজ শনিবার বেলা সাড়ে তিনটায় সাম্পান খেলা অনুষ্ঠিত হবে। এতে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সাম্পান অংশগ্রহণ করবে। সাম্পান খেলার পরপর শুরু হবে আঞ্চলিক সংস্কৃতি মেলা।