কর্ণফুলী দূষণের দায়ে পেপার মিলকে ২০ লাখ টাকা জরিমানা
কর্ণফুলী নদী দূষণের অপরাধে চট্টগ্রামের বোয়ালখালীর চরখিদিরপুরে অবস্থিত হাক্কানী পেপার অ্যান্ড বোর্ড মিলস (প্রা.) লিমিটেডকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এই জরিমানা করেন। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষকে দেড় মাসের মধ্যে বর্জ্য পরিশোধন প্লান্ট করার নির্দেশনা দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ ছাড়পত্র ও বর্জ্য পরিশোধন প্লান্ট ছাড়া কারখানাটি ২০ বছর ধরে উৎপাদন-কার্যক্রম পরিচালনা করছে। ১৯৯১ সালের ১৩ মার্চ চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের তৎকালীন উপপরিচালক এই কারখানার বর্জ্য পরিশোধন প্লান্ট তৈরির নোটিশ দিলেও তা করেনি কর্তৃপক্ষ।অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিশোধন ছাড়াই বিপুল পরিমাণ বর্জ্যপানি সরাসরি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। ঘটনাস্থলে এসব বর্জ্যপানির নমুনা সংগ্রহ করে সহনীয় মাত্রার চেয়ে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কম পাওয়া যায়। এই বর্জ্যপানি কর্ণফুলী নদীতে বসবাসরত জলজ প্রাণী, মৎস্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ কারখানায় দিনে ২৩ মেট্রিক টন কাগজ তৈরি হয়।পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে দেখা যায়, এ কারখানা থেকে গত ৭০০ দিনে ১৬ কোটি ৬৫ লাখ লিটার দূষিত তরল বর্জ্য কর্ণফুলীতে মিশেছে। কর্ণফুলী নদীর পানি জোয়ারের মাধ্যমে হালদা নদী পর্যন্ত পৌঁছে, যা চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহের অন্যতম উৎস।