কর্ণফুলী নদী ও ঘাট রক্ষার দাবিতে সাম্পান শোভাযাত্রা
সাম্পান শোভাযাত্রার মাধ্যমে দখল ও দূষণ থেকে কর্ণফুলী নদীকে রক্ষার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নদীর দুটি ঘাট রক্ষারও দাবি তুলেছেন শতাধিক মাঝি। গতকাল সোমবার দুপুরে কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট থেকে ঢোল বাদনের মধ্য দিয়ে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার স্লোগান ছিল ‘কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে’।
চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমির আয়োজনে শোভাযাত্রায় ১৫টি সাম্পান অংশ নেয়। প্রায় এক ঘণ্টা কর্ণফুলীর বুকে চলে এই শোভাযাত্রা। বিভিন্ন সাম্পানে মাঝিরা প্ল্যাকার্ড বহন করেন। এসব প্ল্যাকার্ডের কোনোটিতে কর্ণফুলী নদী বাঁচানো এবং কোনোটিতে সদরঘাট ও অভয়মিত্র ঘাট রক্ষার দাবি জানানো হয়।
শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামের ঐতিহ্যের তোয়াক্কা না করে একের পর এক ঘাট বন্ধ করা হচ্ছে। ঐতিহ্যবাহী সদরঘাট ও অভয়মিত্র ঘাট এখন বিলুপ্ত করার পরিকল্পনা করেছে। ঘাট বন্ধ করে লাইটারেজ জাহাজের জেটি নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। সাম্পান মাঝিদের ২৩টি সংগঠন এই সিদ্ধান্ত প্রতিরোধ করবে। তাঁরা বলেন, কর্ণফুলী নদী ড্রেজিংয়ের নামে কেবল টাকা লোপাট করা হয়েছে। নদীর নাব্যতা ফেরেনি।
সাম্পান শোভাযাত্রার উদ্বোধন করেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী। চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমির চেয়ারম্যান আলীউর রহমানের সঞ্চালনায় শোভাযাত্রার শুরু হওয়ার আগে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক ইদ্রিচ আলী, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ, আইনজীবী আনোয়ার কবির, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, মানবাধিকার সংগঠক এম এ মারুফ প্রমুখ।