কর্ণফুলী নদী ও শঙ্খ নদে চর নৌ চলাচল বন্ধের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীর মাঝে জেগে উঠেছে ছয়টি বিশাল চর। জেগে ওঠার পথে আরো কয়েকটি। চন্দনাইশ উপজেলায় শঙ্খ নদের বিস্তীর্ণ এলাকাজুড়ে চর জেগে উঠেছে। বছরের পর বছর নদীর তলদেশ ভরাট হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। চর জেগে ওঠায় এ দুটি উপজেলায় নৌ চলাচল বন্ধের উপক্রম হয়েছে। পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ।এলাকাবাসী জানায়, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী কাগজকল, পাটকল, রাসায়নিক কারখানা, সিরামিক কারখানার বর্জ্য ও ইঞ্জিতচালিত নৌকা থেকে নির্গত তেলে কর্ণফুলী নদীর পানির ঘনত্ব বেড়ে গেছে। এ কারণে পানির প্রবাহ কমে যাওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি পলি নদীর তলদেশে জমা হচ্ছে। এতে নদীর গভীরতা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে।সরেজমিনে দেখা গেছে, চন্দ্রঘোনা, মরিয়মনগর, কোদালা, শিলক, সরফভাটা ও বেতাগি এলাকায় ছয়টি বিশাল চর রয়েছে। এসব চর প্রায় নদীর তীরের সমান উঁচু। জোয়ারের পানিতেও ডোবে না এসব চর। তবে আরও কয়েকটি চর রয়েছে, যেগুলো জোয়ারের পানিতে ডুবে গেলেও ভাটার সময় জেগে ওঠে।স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০ বছর ধরে কর্ণফুলী নদীর মাঝে চর জেগে ওঠার প্রক্রিয়া চলছে। এ কারণে নদীর মাছ ধ্বংস হওয়ার পাশাপাশি পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া-রাজস্থলী ও বান্দরবান সড়কে কর্ণফুলী নদীতে ফেরি চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।রাঙ্গুনিয়ার ইছাখালী বাজারের ব্যবসায়ী রফুিকুল ইসলাম জানান, চার-পাঁচ বছর ধরে নদীর মাঝে চর ও ডুবোচরের কারণে পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে।শিলক ফকিরাঘাটের নৌকার মাঝি আবুল হাশেম (৬৪) জানান, নদীর মাঝখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে জেগে ওঠা চরে বাঁশ ও গাছের চালিসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী নৌযান আটকে যায়। খেয়া পারাপারেও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, কর্ণফুলী নদীর নাব্যতা ফিরে পেতে হলে নদী খনন করতে হবে। তবে তার আগে নদীতে কলকারখানার বর্জ্য ফেলা বন্ধ করা জরুরি। কারণ কলকারখানার বর্জ্য ফেলা বন্ধ না হলে পানির প্রবাহ বৃদ্ধি পাবে না। পানির প্রবাহ বাড়ানো ছাড়া নদী খনন করে কোনো লাভ হবে বলে মনে হয় না।চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শঙ্খ নদের দোহাজারী, চাগাচর ও লালুটিয়ায় বিস্তীর্ণ এলাকাজুড়ে চর জেগে উঠেছে। এতে সেচকাজ ও নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এলাকাবাসী জানায়, পলি জমে নদ ভরাট হলেও খনন করা হচ্ছে না। চর জেগে ওঠায় দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার উত্পাদিত তরিতরকারি এবং অন্যান্য মালামাল পরিবহনে এখন নৌপথের পরিবর্তে সড়কপথ ব্যবহার করতে হচ্ছে। এতে খরচ পড়ছে বেশি।চাগাচর গ্রামের চাষি মোহাম্মদ আলী জানান, শুষ্ক মৌসুমে নদের পানি হ্রাস পাওয়ায় প্রতিবছর বোরো মৌসুমে পর্যাপ্ত সেচ দেওয়া সম্ভব হয় না। চন্দনাইশের কালাবাঁশী জলদাস ও সৌরভ জলদাস জানান, নদের পানি কমে যাওয়ায় বর্তমানে মাছ ধরা যাচ্ছে না। এতে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে তাঁদের।