কর্ণফুলী নদী দূষণের দায়ে চউকের চেয়ারম্যানের প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদী দূষণের দায়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের পারিবারিক প্রতিষ্ঠানকে প্রায় ২৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির নাম সানজি টেক্সটাইল লিমিটেড।প্রতিষ্ঠানটির বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) থাকা সত্ত্বেও ব্যবহার না করে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি কর্ণফুলীতে ফেলে নদী দূষণ করার দায়ে এ জরিমানা করা হয়। সানজি টেক্সটাইল ওয়েল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান।অভিযোগ পাওয়া গেছে, সানজিকে জরিমানা করার পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর রাজনৈতিক চাপ আসতে শুরু হয়। শেষ পর্যন্ত সন্ধ্যার দিকে কারখানা কর্তৃপক্ষ জরিমানার সম্পূর্ণ টাকা পরিশোধ করে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন। নদী দূষণ বন্ধ করতে এর আগে সানজি টেক্সটাইলকে সতর্ক করা হয়েছিল বলে মুনীর চৌধুরী জানান।জানা গেছে, চউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত ছালাম এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। চেয়ারম্যান হওয়ার পর তাঁর ভাই সৈয়দ সিরাজুল ইসলামকে এ দায়িত্ব দেওয়া হয়। গতকাল সিরাজুলের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। ছালামের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।একইভাবে কর্ণফুলী দূষণের দায়ে শাহ আমানত টেক্সটাইল মিল নামে ওই এলাকার আরেকটি প্রতিষ্ঠানকে ২৮ লাখ টাকা জরিমানা করা হয়। শাহ আমানত পরিশোধনাগার (ইটিপি) না বসিয়ে নদী দূষণ করছিল বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।মুনীর চৌধুরী বলেন, রোববার সানজিতে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি ভয়াবহ নদী দূষণ করে যাচ্ছে। এখান থেকে রাসায়নিক পদার্থ মিশ্রিত তরল বর্জ্য খালের মাধ্যমে কর্ণফুলীতে পড়ে নদী দূষণ করছে। আর শাহ আমানত কারখানা ইটিপি ব্যবস্থা না রেখেই উৎপাদন চালাচ্ছে।জানা গেছে, সানজি টেক্সটাইলের নির্গত রাসায়নিক মিশ্রিত অপরিশোধিত তরল বর্জ্য পড়া পানির নমুনা পরীক্ষা করে দেখা গেছে, সেখানে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রতি লিটারে তিন মিলিগ্রাম, পিএইচ ৯ দশমিক ৬৮, টিডিএস প্রতি লিটারে তিন হাজার ৩৪০ মিলিগ্রাম পাওয়া যায়। এ ধরনের ফলাফল নদী দূষণের জন্য মারাত্মক বলে কর্মকর্তারা জানান। সানজিকে মোট ২২ লাখ ৮৪ হাজার টাকা ক্ষতিপূরণ দণ্ড দেওয়া হয়।