কর্ণফুলী নদী রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদী রক্ষার দাবিতে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠন। এতে বক্তারা বলেছেন, একশ্রেণির ভূমিদস্যু নদীর পাড় ও চর দখল করে ব্যবসা শুরু করেছে। যথাযথ উদ্যোগ না নিলে অদূর ভবিষ্যতে নদীটি অস্তিত্ব হারাবে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মাহমুদ হাসান, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, অধ্যাপক ইদ্রিস আলী, নারীনেত্রী জেসমিন সুলতানা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম প্রমুখ।

বক্তারা বলেন, কর্ণফুলী নদী চট্টগ্রামের প্রাণ। কিন্তু দীর্ঘদিন ধরে দখল ও দূষণে নদীটি বিপন্ন হয়ে পড়ছে। এর দুই পাড়ে এখন দখলের রাজত্ব চলছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি নদী দখল করে ব্যবসা বাণিজ্য শুরু করেছে। তাঁরা বলেন, এই নদী রক্ষা করা না গেলে চট্টগ্রাম বন্দর ধ্বংস হয়ে যাবে। নদী  নাব্যতা হারিয়েছে। অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করে নদী খনন ও সংস্কার করার দাবি জানান তাঁরা।