কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং চার দিন ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর পাড়ে বাস্তবায়নাধীন চট্টগ্রাম বন্দরের ‘ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পে’ নদী থেকে বালু তোলা চার দিন ধরে বন্ধ রয়েছে। স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বাধার মুখে বালু তোলা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২২৯ কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন হলে কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি পাবে এবং নদীর পাড়ে সড়ক নির্মাণের মাধ্যমে অবৈধ দখলদারি বন্ধ করা যাবে। এ প্রকল্পের আওতায় নদী থেকে প্রায় সাড়ে ৩৫ লাখ ঘনমিটার বালু তোলার কথা। মালয়েশিয়ান প্রতিষ্ঠান মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন (এমএমডিসি) এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের শর্ত অনুযায়ী, তোলা বালু এ প্রতিষ্ঠানের নিয়ে যাওয়ার কথা। নগরের ফিরিঙ্গিবাজার, ব্রিজঘাট এলাকা ঘুরে দেখা গেছে, নদীর পাড়ে বালুর ঢিবি সৃষ্টি হয়েছে। এ বালু যাতে ট্রাকে করে বাইরে নিয়ে যাওয়া সম্ভব না হয়, সে জন্য বাঁশ পুঁতে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতারা এটা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে চার দিন ধরে বালু তোলা বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে এমএমডিসির এদেশীয় প্রতিনিধি (এজেন্ট) আবু জাফর মো. সালেহ প্রথম আলোকে বলেন, ‘সরকারদলীয় স্থানীয় কিছু লোক আমাদের এখানে ব্যবসা করতে চেয়েছিল। তারা বালুর ব্যবসা করতে না পেরে পরে আমাদের শ্রমিক কর্মচারীদের হুমকি ধমকি দিতে থাকে। এখন আমরা তীর থেকে বালু নিয়ে যেতে পারছি না। বালু না সরালে নতুন করে বালু তোলা বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের সামনে বিকল্প ছিল না।’এমএমডিসি সূত্রে জানা যায়, ৮ অক্টোবর ছাত্রলীগ নামধারী স্থানীয় কিছু লোক প্রকল্প এলাকায় এমএমডিসির অস্থায়ী কার্যালয়ে গিয়ে তত্ত্বাবধায়ক অহিদকে হুমকি ধমকি দেয় এবং কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর সপ্তাহ খানেক আগে একই ধরনের ঘটনা নিয়ে একটি জিডি হয়। তবে জিডিতে কারও নাম উল্লেখ করা হয়নি।এর পরও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার জামাল উদ্দিন বিন সাবে গত মঙ্গলবার সকালে নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে সহায়তা চেয়েছেন বলে জানা যায়। যাঁরা বাধা দিচ্ছেন: যাঁদের বিরুদ্ধে বালু পরিবহনের কাজে বাধাদানের অভিযোগ উঠেছে তাঁরা হলেন: দুলাল, সেলিম, মামুন, হাসান ও তাঁদের আরও কয়েকজন সহযোগী। তাঁরা স্থানীয় ছাত্র ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁরা নগর আওয়ামী লীগের নেতা আজম নাছিরউদ্দিনের অনুসারী বলে জানা গেছে। অভিযোগ পাওয়া গেছে, সরকারদলীয় ওই সব লোক বালু পরিবহনের কাজ তাঁদের দেওয়ার জন্য আবু জাফর মো. সালেহর ওপর নানাভাবে চাপ সৃষ্টি করেন। কিন্তু আবু সালেহ এ প্রস্তাবে রাজি হননি। তাই বালু পরিবহনকারী ট্রাক যাতে ওই এলাকায় যেতে না পারে, সে জন্য তারা বাঁশ পুঁতে ঘেরাও দিয়ে রাখে। এসব কারণে প্রকল্প বাস্তবায়নে জড়িত ব্যক্তিরা কাজ বন্ধ রেখে ওই এলাকা ছেড়ে গেছেন।এ প্রসঙ্গে আজম নাছিরউদ্দিনের অনুসারী নগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য হাসান মুরাদ বিপ্লব প্রথম আলোকে বলেন, ‘দুলাল সেলিমরা আমাদের ছোট ভাই। তাদের সঙ্গে জাফর ভাই বালুর ব্যবসা করার একটি সিন্ডিকেট করেছিল। কিন্তু পরে তিনি উল্টে যান। এখন ড্রেজিং কাজে তাদের কেউ বাধা দিচ্ছে না। এটা উনি (জাফর) মিথ্যাচার করছেন।’সরেজমিনে দেখা গেছে, বাইরে বালু পরিবহন বন্ধ থাকায় কর্ণফুলী নদীর পাড়ে ব্রিজঘাট থেকে ফিশারিঘাট পর্যন্ত বালুর ঢিবি জমে গেছে। হুমকির মুখে ব্রিজঘাট থেকে মাটি কাটার যন্ত্র (খননযন্ত্র) নিরাপদে সরিয়ে রাখা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘তাঁরা জিডি করলেও তাতে কোনো নাম দেয়নি। আমাদের সহযোগিতা না করলে কীভাবে আমরা সন্ত্রাসীদের ধরব। সরকারি দল হোক আর যে-ই হোক, আমাদের জানালে ব্যবস্থা নিতে পারব।’