কর্ণফুলী নদীতে টানেল নির্মাণে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই হয়েছে। গতকাল মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশের পক্ষে সেতু বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম ও চীনা কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানির (সিসিসিসি) চেয়ারম্যান লিও কিটাও নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, চীনের পরিবহনমন্ত্রী ইয়াং চুয়ানটাগ ও বেইজিং সফররত পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি উপস্থিত ছিলেন।
চুক্তি সইয়ের এসব তথ্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। চীনের সিসিসিসির সঙ্গে ৭০৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার চুক্তি হয়।
কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে সেতু বিভাগ ২০১৩ সালে সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেয় সিসিসিসি-ওভি অরূপ অ্যান্ড পার্টনারসকে (যৌথ)। তারা নকশা প্রণয়নসহ প্রকল্পের ব্যয় নির্ধারণ করেছিল ৫ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজও ছিল।