কর্ণফুলী নদীতে ডলফিন পিটিয়ে হত্যা
কর্ণফুলী নদীতে জেলেরা পিটিয়ে মেরেছেন একটি সামুদ্রিক ডলফিন। গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু এলাকায় নদী থেকে ডলফিনটির মৃতদেহ তুলে আনেন স্থানীয় লোকজন। স্থানীয় কয়েকজন জেলে জানান, বুধবার সকালে কর্ণফুলীর গোচরা খালের মুখে জেলেদের জালে ডলফিনটি ধরা পড়ে। কিন্তু জেলেরা ভয়ে ডলফিনটিকে পিটিয়ে হত্যা করে নদীর পানিতে ফেলে দেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিন বিচরণের মতো গভীরতা কর্ণফুলীতে নেই। দলছুট হয়ে ডলফিনটি কর্ণফুলীতে প্রবেশ করে থাকতে পারে। ডলফিনের সরু ঠোঁট একবার জালে আটকালে মুক্তির কোনো সুযোগ নেই। জাল টানার পর জেলেরা ডলফিনটিকে পিটিয়ে হত্যা করতে পারে। ডলফিনটির গায়ে আঘাতের চিহ্নও রয়েছে। স্থানীয় কয়েকজন যুবক জানান, কর্ণফুলীতে নানা প্রজাতির মাছ পাওয়া গেলেও সামুদ্রিক ডলফিন কোনো সময় দেখা যায়নি। হঠাৎ পানিতে ডলফিন দেখে বিষয়টি অন্য রকম মনে হয়। তাই পানি থেকে তুলে আনা হয় ডলফিনটি। বাটখারায় ওজন দেওয়া হয়। ওজন দুই মণের একটু বেশি বলে তাঁরা জানান।যোগাযোগ করা হলে চট্টগ্রাম মৎস্য মান নিয়ন্ত্রণ কার্যালয়ের উপপরিচালক সুদীপ চ্যাটার্জি প্রথম আলোকে বলেন, ডলফিন সামুদ্রিক প্রাণী হলেও স্বাদু পানিতেও বিচরণ করে। তবে কোনো সময় কর্ণফুলীতে গভীর সমুদ্রের ডলফিন ধরা পড়েছে, এমনটা শোনা যায়নি। দলছুট হয়ে ডলফিনটি কর্ণফুলীতে ঢুকে পড়েছে। এ ছাড়া বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবেও সামুদ্রিক প্রাণী সমুদ্র ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে পারে। যদি তাই হয়, তাহলে ধরে নিতে হবে এটি সামুদ্রিক প্রাণী বিপন্ন হওয়ার লক্ষণ।