কর্ণফুলী নদীর তীরের ইটভাটা বন্ধের নির্দেশ
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ‘প্যাসিফিক মেরিন সার্ভিস ও স্বয়ংক্রিয় ইটভাটা’ নামের কারখানা বন্ধ করে দিয়েছেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঝটিকা পরিদর্শনে এসে এ নির্দেশ দেন তিনি। প্রতিমন্ত্রীর নির্দেশে এ সময় ইটভাটার ব্যবস্থাপক প্রদীপ দত্তকে আটক করে পুলিশ।
ভূমি কার্যালয়ের দুই কর্মকর্তা বরখাস্ত
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নগরের সদরঘাট এলাকায় অবস্থিত আগ্রাবাদ ভূমি কার্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি কার্যালয়ের দাপ্তরিক নথিপত্র ঘেঁটে দেখেন।
ভূমি প্রতিমন্ত্রী ওই এলাকার সরকারি জমি দখলের ব্যাপারে সচেতন না থাকায় দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। সরকারি জমি দখল করে রাখার অভিযোগে দুজনকে আটক করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা এম জয়নাল আবেদীন ও উপসহকারী ভূমি কর্মকর্তা রণ কান্তি শীল। এ ছাড়া টানা চার বছর ধরে একই কার্যালয়ে চাকরিরত থাকায় অফিস সহকারী আনিসুল ইসলামকে বদলির নির্দেশ দেন।
ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিমন্ত্রীকে জানান, কার্যালয়ের পশ্চিম পাশে সরকারি মালিকানাধীন একটি পুকুর ভরাট করে স্থানীয় একাধিক ব্যক্তি দখল করে ফেলছেন। এরপর তিনি ওই এলাকা পরিদর্শন করেন।
এই সময় অলক খাস্তগীর (৪৫) নামের স্থানীয় বাসিন্দা নিজেকে পুকুরের একাংশের মালিক দাবি করেন। প্রতিমন্ত্রী নথিপত্র যাচাই-বাছাই শেষে পুকুরের সরকারি মালিকানা নিশ্চিত হওয়ার পর অলক খাস্তগীরকে আটক ও পুকুর ভরাট কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। সরকারি জায়গা দখল করে অবৈধভাবে চায়ের দোকান নির্মাণ করায় আবদুস শুক্কুরকে আটকের নির্দেশ দেন তিনি।
অনুমতি না নিয়ে ইটভাটা নির্মাণ করা হয়েছে
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেন, সরকারি জমি দখলের বিষয়ে সচেতন না থাকায় এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ইটভাটা বন্ধে প্রসঙ্গে তিনি বলেন, কর্ণফুলী নদীর তীরে অনুমতি না নিয়ে ইটভাটা নির্মাণ করা হয়েছে। তাই ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
ইটভাটার মালিক হলেন আবু জাফর মো. ছালেক। কর্ণফুলী নদীর খননের পর উত্তোলিত মাটি ও বালি ব্যবহার করে এখানে ইট তৈরি করা হয়। প্রতিমন্ত্রীর নির্দেশের পর তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা ইটভাটার চুল্লি বন্ধ করে দেন ও কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়।
ঝটিকা পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদেরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী চাক্তাই এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন।