কর্ণফুলী নদীর লালদিয়ার চরে অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর এলাকায় কর্ণফুলী নদীর তীরের লালদিয়ার চর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। অবৈধ স্থাপনা উচ্ছেদে আদালতের ইতিপূর্বের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক শুনানিতে ওই আদেশ দেওয়া হয়।
আদালতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী মুরাদ রেজা এবং রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানিতে ছিলেন। পরবর্তী আদেশের জন্য আগামী ৯ মার্চ তারিখ রেখেছেন আদালত।

এখন বন্দর কর্তৃপক্ষ বলছে আগের চেয়ারম্যান বদলি হয়েছেন। নতুন চেয়ারম্যান এপ্রিলে দায়িত্ব নিয়েছেন। তাই তিনি এক বছর সময় চান।

কর্ণফুলী নদী রক্ষায় নির্দেশনা চেয়ে দশ বছর আগে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) রিট করে। এর পরিপ্রেক্ষিতে  ২০১৬ সালে দেওয়া এক রায়ে হাইকোর্ট কর্ণফুলী নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

এর ধারাবাহিকতায় কর্ণফুলী নদী সীমানায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান না থাকার পরিপ্রেক্ষিতে এইচআরপিবি গত বছরের ৭ এপ্রিলে একটি আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ এপ্রিল হাইকোর্ট কর্ণফুলী নদীর সীমানায় থাকা অবৈধ স্থাপনা ৩০ দিনের মধ্যে অপসারণ করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে নির্দেশ দেন।

এরপর গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট কর্ণফুলী নদীর তীরের অবৈধ ওই সব স্থাপনা উচ্ছেদে তিন মাসের সময় দেন। অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে সংশ্লিষ্ট স্থানের স্থাপনার পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেও বলা হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।


২০১৬ সালে রায়ের পর অবৈধ স্থাপনা আংশিক উচ্ছেদ হলেও আর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি হাইকোর্ট সময় দিয়ে ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষকে সেবা সংযোগ বিচ্ছিন্ন করতে নির্দেশ দিয়েছিলেন, যা বাস্তবায়ন হয়নি। এখন বন্দর কর্তৃপক্ষ বলছে আগের চেয়ারম্যান বদলি হয়েছেন। নতুন চেয়ারম্যান এপ্রিলে দায়িত্ব নিয়েছেন। তাই তিনি এক বছর সময় চান। হাইকোর্ট দ্রুত তথা অগ্রাধিকার ভিত্তিতে দুই মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের অধীন কর্ণফুলী নদীর তীরের লালদিয়ার চর থেকে ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন। এতে ব্যর্থ হলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ বিবাদীদের আদালতে উপস্থিত হতে হবে বলা হয়েছে।’