পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার অন্তর্গত কর্ণফুলী পাট ও ফোরাত কার্পেট কল সরকারিভাবে চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। কারখানাটি চালুর জন্য প্রয়োজনীয় অর্থ চেয়ে পাট মন্ত্রণালয় ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে। বিদেশি সাহায্য পাওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি খুব দ্রুত কারখানাটি চালু করা সম্ভব হবে।’গতকাল শনিবার দুপুরে কর্ণফুলী পাটকল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শ্রমিকদের উদ্দেশে এসব কথা বলেন।হাছান মাহমুদের গণসংযোগ কর্মকর্তা মোস্তফা কামাল পাশা জানান, কর্ণফুলী পাট ও ফোরাত কার্পেট কলের চাকরিচ্যুত শ্রমিকেরা ২০ জুন কারখানাটি সরকারিভাবে চালুর দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মানববন্ধন করেন। তাঁরা ওই দিন বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। তারই পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী হাছান মাহমুদ গতকাল দুপুর একটায় কারখানাটি পরিদর্শন করেন। পাটকলের চার শতাধিক চাকরিচ্যুত শ্রমিক এ সময় সরকারিভাবে পাটকল চালুর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।প্রতিমন্ত্রী শ্রমিকদের উদ্দেশে বলেন, চারদলীয় জোট সরকার বিদেশিদের কাছ থেকে টাকা নিয়ে দেশের পাটশিল্পকে ধ্বংস করার জন্য কর্ণফুলী পাটকলসহ দেশের বহু পাটকল বন্ধ করে দেয়। কিন্তু আওয়ামী লীগ সরকার বন্ধ পাটকলগুলো চালু করে সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনার চেষ্টা করছে। ইতিমধ্যে সরকারের দৃঢ় পদক্ষেপে দেশে সোনালি আঁশের কদর বেড়েছে। এ ছাড়া চাকরিচ্যুত শ্রমিকদের চাকরির কথা ভেবে সরকার কর্ণফুলী পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে।