কর্ণফুলী পাটকলের ১০ নিরাপত্তা প্রহরী চাকরি হারানোর আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত কর্ণফুলী পাটকলে নিয়োজিত ১০ নিরাপত্তা প্রহরী চাকরি হারানোর ভয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। চাকরিতে বহাল রাখার দাবিতে তাঁরা গত ১৩ নভেম্বর পাটকল সংস্থার চেয়ারম্যান ও সচিব বরাবর আবেদন করেছেন।নিরাপত্তা প্রহরীরা জানান, গত ১ নভেম্বর থেকে পাটকলটি সরকারিভাবে চালুর জন্য পাটকল সংস্থা দায়িত্ব গ্রহণের পর তাঁরা বেতন পাচ্ছেন না। অথচ পাটকলের সম্পদ রক্ষায় তাঁরা এখনো দায়িত্ব পালন করে যাচ্ছেন।নিরাপত্তা ব্যবস্থাপক নূর মোহামঞ্চদ জানান, ২০০৭ সালে পাটকলটি বেসরকারিভাবে চালুর সময় নিরাপত্তা প্রহরী হিসেবে তাঁদের চাকরিতে বহাল রাখা হয়। অথচ পাটকল কর্তৃপক্ষ এখন ইজারা গ্রহীতা কোম্পানির অধীনে কাউকে চাকরিতে বহাল রাখবে না বলে জানায়। ফলে চাকরি হারানোর ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে নিরাপত্তা প্রহরীরা।তিনি বলেন, নিরাপত্তা প্রহরীরা ২০১২ সালের ১৩ নভেম্বর চাকরিতে বহাল রাখার জন্য পাটকল সংস্থার চেয়ারম্যান ও সচিবের বরাবর আবেদন করেছেন। কিন্তু দুই মাস পার হওয়ার পরও চেয়ারম্যান ও সচিবের কাছ থেকে এ ব্যাপারে কোনো সাড়া মেলেনি। এদিকে বেতন না পেয়ে কষ্টে দিনযাপন করছেন প্রহরীরা। কর্ণফুলী পাটকল, ফোরাত কার্পেট ও ডিডিএফ (কেএফডি) কারখানার শ্রমিক সংগঠনের আহ্বায়ক মো. হাসান জানান, বেসরকারিভাবে চালুর আগেও নিরাপত্তা প্রহরীরা সরকারি খাতে কর্মরত ছিল। অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করে বর্তমানেও তাঁদের চাকরিতে বহাল রাখা প্রয়োজন। অন্যথায় পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে থাকতে হবে। কর্ণফুলী পাটকলের প্রকল্প পরিচালক জসিম উদ্দিন বলেন, নিরাপত্তা প্রহরীদের চাকরিতে বহাল রাখার ব্যাপারে পাটকল সংস্থার বরাবরে প্রতিবেদন দেওয়া হয়েছে। কিন্তু কোনো দিকনির্দেশনা না আসা পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা সম্ভব হচ্ছে না।