কর্ণফুলী পেপার মিলে এমডির কার্যালয় ঘেরাও
রাঙমাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কার্যালয় শ্রমিক-কর্মচারীরা গতকাল দুই ঘণ্টা ঘেরাও করে রাখেন।মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে কেপিএমের তিন শ্রমিক সংগঠন যথাক্রমে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, এমপ্লয়িজ ইউনিয়ন ও ওয়ার্কার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে ওই ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এ সময় কেপিএমের ভারপ্রাপ্ত এমডি মো. সফিকুল ইসলাম তাঁর কার্যালয়ে ছিলেন।২০০৯ সাল থেকে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে শ্রমিক-কর্মচারীরা দেড় মাস ধরে কেপিএমে আন্দোলন করছেন বলে জানান শ্রমিক নেতা মাকসুদুর রহমান, তৌহিদ আল রহমান, জসিম উদ্দিন, মো. সোলায়মান, মো. মফিজ উদ্দিন।শ্রমিক নেতা আনিছুর রহমান জানান, আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার সকাল আটটা থেকে তিন ঘণ্টা কেপিএমের ১ নম্বর ফটকে মানববন্ধন করা হবে। পরবর্তী সময়ে পূর্ণদিবস কর্মবিরতি পালনসহ বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও তিনি জানান।মজুরি কমিশনের দাবিতে কেপিএমের দেড় হাজারেরও বেশি শ্রমিক-কর্মচারী গত ২০ ডিসেম্বর থেকে প্রায় প্রতিদিন তিন ঘণ্টা কর্মবিরতি পালনসহ লাগাতার বিভিন্ন আন্দোলন করছেন।কেপিএমের ভারপ্রাপ্ত এমডি মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মজুরি কমিশন গঠন সরকারের বিষয়। সরকার মজুরি কমিশন গঠন করলে আমরা তা বাস্তবায়ন করব।’