কর্ণফুলী পেপার মিলে ট্যাংকে বিস্ফোরণে নিহত ২
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) গতকাল সোমবার হাইড্রোজেন ট্যাংকে বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকেরা হলেন মো. ওবায়দুল হক (৫৫) ও মো. রবিউল হক (৩০)। বিস্ফোরণে মো. মইন উদ্দিন (২৭) নামের আরেক শ্রমিক আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিরা কেপিএমের অস্থায়ী শ্রমিক। তাঁদের সবার বাড়ি নোয়াখালীতে। কেপিএমের নিরাপত্তা কর্মকর্তা শাহাব উদ্দীন আজাদ বলেন, গতকাল দুপুর ১২টার সময় কারখানার কেমিক্যাল প্ল্যান্টের হাইড্রোজেন ট্যাংকে ঝালাইয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ওবায়দুল হক ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান রবিউল হক। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কারখানা থেকে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে কেপিএমের উৎপাদন বন্ধ ছিল। কারখানা বন্ধ থাকাকালে ওই তিন শ্রমিক হাইড্রোজেন ট্যাংকে কাজ করছিলেন। রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পরিষদের চেয়ারম্যান নিহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেন। কেপিএমের ব্যবস্থাপনা কর্তৃপক্ষও আর্থিক সহায়তা দিয়েছে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের অনুরোধে এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পরামর্শে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।