কর্ণফুলী পেপার মিলে লাগাতার শ্রমিক আন্দোলনের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি কমিশন ঘোষণা ও এর বাস্তবায়নের দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) দুই হাজার শ্রমিক-কর্মচারী লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে শ্রমিক নেতা মো. ইউনুছের সভাপতিত্বে আয়োজিত এক সমাবেশ থেকে আন্দোলনের এই ডাক দেওয়া হয়েছে। মিলের এক নম্বর ফটকে কেপিএম শ্রমিক কর্মচারি ইউনিয়ন, এমপ্লয়িজ ইউনিয়ন ও ওয়ার্কাস ইউনিয়নের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ২০০৯ সালের জুলাই মাসে সরকার ঘোষিত পে কমিশন বাস্তবায়নের সময় থেকেই শ্রমিকদের মজুরি কমিশন ঘোষণা করা হবে বলে এতদিন সরকারিভাবে প্রচারনা চালানো হচ্ছিল। গত ১৪ ডিসেম্বর শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া কেপিএম-এ আয়োজিত শ্রমিক সভায়ও ২০০৯ সাল থেকে মজুরি কমিশন কার্যকর হবে বলে ঘোষণা দেন। কিন্তু অর্থ মন্ত্রণালয় আগামী বছর জুলাই মাস থেকে এটি বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে তারা জানতে পেরেছেন। অর্থ মন্ত্রণালয়ের এ প্রস্তাবে গতকালের সমাবেশে উপস্থিত দুই হাজার শ্রমিক কর্মচারি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা শিল্পমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মজুরি কমিশন ঘোষণা ও তা কার্যকর করার দাবি জানান। শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান বলেন, ‘আমরা সব শ্রমিক সংগঠন এক হয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’ প্রতিবাদ সমাবেশের পাশাপাশি শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় শ্রমিক নেতা মাকসুদুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন মো. শাহজাহান, মো. জসিম উদ্দীন, মো. সোলায়মান, মো. ইসমাইল ও আনিছুর রহমান।