কর্ণফুলী রক্ষায় সাম্পান শোভাযাত্রা

কর্ণফুলী রক্ষায় গতকাল শনিবার সকালে এই নদীতে সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অন্তত অর্ধশত সাম্পানে মাইক বাজিয়ে নদীকে দূষণের হাত থেকে বাঁচানোর আহ্বান জানানো হয়। চট্টগ্রাম নগরের অভয় মিত্র ঘাট থেকে যাত্রা শুরু করে শেষ হয় বন্দর মোহনায় গিয়ে।
দুই দিনব্যাপী সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলার অংশ হিসেবে গতকাল প্রথম দিন এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন ও চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি।
গতকালের শোভাযাত্রার উদ্বোধন করেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক আজিম আলী। কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ। বক্তব্য দেন আবুল কাসেম, কর্ণফুলী গবেষক ইদ্রিচ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমির সভাপতি আলীউর রহমান, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘কালুরঘাট থেকে কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত ৩৪টি খাল দিয়ে বিষাক্ত মানব বর্জ্য সরাসরি কর্ণফুলী নদীতে পড়ছে। সহস্রাধিক শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য কর্ণফুলীতে মিশছে। দেশের অর্থনীতি রক্ষায় কর্ণফুলী রক্ষা করা জরুরি। আমাদের সবাইকে নিজ অবস্থানে থেকে কর্ণফুলী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
দুই দিনের অনুষ্ঠানে আজ রোববার অনুষ্ঠিত হবে সাম্পান খেলা বা সাম্পানবাইচ প্রতিযোগিতা।