কর্ণফুলী রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে জেপি
কর্ণফুলী নদী ও বন্দর রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে জাতীয় পার্টির (জেপি) চট্টগ্রাম নগর শাখা। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেপির চট্টগ্রাম নগর কমিটির আহ্বায়ক মোহাম্মদ আজাদ দোভাষ।
সংবাদ সম্মেলনে বলা হয়, একশ্রেণির ভূমিদস্যু ও নদী দখলকারী কর্ণফুলীর পাড়ে ঘরবাড়ি, বস্তি, দোকান ও মিল-কারখানা তৈরি করে ভাড়া দিয়েছে। অবৈধ দখলদারেরা প্রতি মাসে আয় করছে প্রায় কোটি টাকা। হজরত শাহ আমানত সেতু থেকে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটি পর্যন্ত নদী দখলের মহোৎসব চলে এলেও আট বছর ধরে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালানো হয়নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ কর্ণফুলী নদীর অবৈধ দখল শুরু হয় আশির দশকে। নদীর কালুরঘাট সেতু থেকে মোহনা পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকায় এ দখলযজ্ঞ চলে আসছে। তবে হজরত শাহ আমানত সেতুর পশ্চিম পাশ থেকে বন্দরের ১ নম্বর জেটি পর্যন্ত অবৈধ দখলদারদের তৎপরতা ছিল সবচেয়ে বেশি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নদী ড্রেজিংয়ের আওতায় সদরঘাট লাইটার জেটি থেকে হজরত শাহ আমানত সেতু পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা থেকে প্রায় ৩৬ লাখ ঘনমিটার মাটি উত্তোলন করার কথা। তার মধ্যে ১৮ লাখ ঘনমিটার মেরিন ড্রাইভের জন্য ব্যবহার হবে। বাকি ১৮ লাখ ঘনমিটার মাটি ঠিকাদারি প্রতিষ্ঠান যেকোনো কাজে ব্যবহার করতে পারবে। বন্দর রক্ষায় ২৩০ কোটি টাকা ব্যয়ে ২০১১ সালের জুলাই মাসে কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং শুরু হয়। এতে কাঙ্ক্ষিত কোনো ফল পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দর থানার সভাপতি মুরাদ চৌধুরী, ইপিজেড থানার সভাপতি এ কে এম জামাল হোসেন, কোতোয়ালি থানার সভাপতি মহসিন চৌধুরী, বন্দর থানার সাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার প্রমুখ।