কর্ণফুলী রক্ষায় মতবিনিময় সভা
‘কর্ণফুলীকে বুড়িগঙ্গা হতে দেব না’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ‘জোয়ার-ভাটা আছে বলেই এখনো কর্ণফুলী প্রাণে বেঁচে আছে। নগরের পয়োবর্জ্য, গৃহস্থালি বর্জ্যের পাশাপাশি কারখানা ও জাহাজের বর্জ্যের ভাগাড় এই কর্ণফুলী। একে বাঁচাতে এখনই উদ্যোগ নেওয়া দরকার।’
গতকাল বুধবার নগরের সিটি করপোরেশন মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম।
প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। তিনি বলেন, ঘরবাড়ির বর্জ্য, ট্যানারির পানি সবকিছুই কর্ণফুলীতে যাচ্ছে। দিনে ১৫০০ টন বর্জ্য সংগ্রহ করে করপোরেশন। এগুলোর কিছু কিছু কর্ণফুলীতে যায়। এখনো জোয়ার-ভাটা আছে বলেই এটি বেঁচে আছে।
বর্জ্য সুয়ারেজের জন্য জাইকার সঙ্গে কথা চলছে উল্লেখ করে সিটি মেয়র বলেন, কর্ণফুলী বাঁচলে বন্দর বাঁচবে। এটি হয়ে গেলে দূষণ রোধ হবে। তবে দূষণ নিয়ে এখনই পরিকল্পনা গ্রহণ করতে হবে।
মেয়র বলেন, ১৯৯৫ সালে চট্টগ্রামের উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল। তখন প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৯০০ কোটি টাকা।
এর পর তিন সরকার এল-গেল, মহাপরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ২০১৫ সালে তার মেয়াদ শেষ হবে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক বিভিন্ন উপাত্ত তুলে ধরে বলেন, কর্ণফুলী ধীরে ধীরে দূষিত হয়ে পড়ছে। নগরের মানুষের পয়োবর্জ্য ও গৃহস্থালির বর্জ্য কর্ণফুলী নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছে। এখনই উদ্যোগ না নিলে কর্ণফুলীকে বাঁচানো কঠিন হয়ে যাবে।
মতবিনিময় সভায় প্রকৌশলী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, করপোরেশনের সচিব রশিদ আহমেদ, দেলোয়ার মজুমদার, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ বক্তব্য দেন।
একই ধরনের মতবিনিময় সভা চট্টগ্রাম ওয়াসা এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে হবে বলে জানা গেছে।