কর্ণফুলী সার কারখানা বন্ধ রেখে বিদ্যুৎকেন্দ্র চালু
গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ বাড়াতে চট্টগ্রামের বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান কর্ণফুলী সার কারখানা (কাফকো) বন্ধ করে দেওয়া হয়েছে। চালু করা হয়েছে গ্যাসভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্র। তাতেও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়নি। এ অবস্থায় জাতীয় গ্রিড থেকে চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুতের সরবরাহ আরও না বাড়লে গ্রীষ্মে লোডশেডিং বেড়ে যেতে পারে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা মনে করছেন। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, সেচ মৌসুম, গ্রীষ্মকাল ও রমজান সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাফকোতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। আগামী জুলাই মাসের আগে এই কারখানায় গ্যাস সরবরাহ দেওয়া হবে না। সূত্র জানায়, একটানা আট মাস চালু থাকার পর কাফকোতে গ্যাস সরবরাহ বন্ধ করা হলো। চাহিদার চেয়ে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেক কম থাকায় চট্টগ্রামে সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্রে রেশনিং করে গ্যাস সরবরাহ করে আসছে কেজিডিসিএল। সূত্র আরও জানায়, শুক্রবার রাতে কাফকোতে গ্যাস সরবরাহ বন্ধ করে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট চালু করা হয়। শনিবার রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রে প্রায় ৩৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর আগে গত জানুয়ারিতে সরকারি মালিকানাধীন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) বন্ধ করে শিকলবাহা পিকিং পাওয়ার প্ল্যান্ট চালু করা হয়। এ দুই বিদ্যুৎকেন্দ্র থেকে শনিবার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাপও কমে যায়। ফলে গ্যাসভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রে আগের দিনের চেয়ে উৎপাদন কমে ২২০ মেগাওয়াটে দাঁড়িয়েছে। এর বাইরে ব্যক্তি মালিকানাধীন রিজেন্ট পাওয়ারে ১৬ মেগাওয়াট এবং ইউনাইটেড পাওয়ার নামের অপর বিদ্যুৎকেন্দ্রে ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। পিডিবি সূত্র জানায়, এ সময়ে ফার্নেস তেলভিত্তিক তিনটি বিদ্যুৎকেন্দ্র থেকে গড়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেছে। পিডিবির হিসাব অনুযায়ী বর্তমানে চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুতের চাহিদা প্রায় ৭০০ মেগাওয়াট। সেখানকার বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের বাইরে জাতীয় গ্রিড থেকে গতকাল কোনো সরবরাহ পাওয়া যায়নি। ফলে চট্টগ্রামে লোডশেডিং ছিল ১৫০ মেগাওয়াটের বেশি। এ অবস্থায় সপ্তাহের প্রথম কার্যদিবসে বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছিল না।সূত্র জানায়, যেসব শিল্পপ্রতিষ্ঠানে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট আছে কেবল সেসব বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ স্বাভাবিক ছিল।