ট্রাফিক সার্জেন্টের হাতে চালক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় সন্ধ্যায় অবরোধ করেন বাসশ্রমিকেরা। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে আধঘণ্টার এই অবরোধ করা হয়। ট্রাফিক সার্জেন্ট এমদাদ এক বাসচালককে চড় মারায় এই ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে। অবরোধের ফলে সেতুর দুই দিকে যানজট দেখা দেয়। শত শত যানবাহন আটকা পড়ে। ফলে যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়। পুলিশ সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস সন্ধ্যা ছয়টার দিকে আনোয়ারা বরকলের উদ্দেশে যাচ্ছিল। কিন্তু সেতু এলাকায় এসে চালক দীর্ঘক্ষণ সড়কের ওপর বাসটি দাঁড় করিয়ে যাত্রী ওঠাচ্ছিলেন। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছিল। এ সময় ট্রাফিক সার্জেন্ট বাসের চালককে বারবার চলে যাওয়ার তাগাদা দিচ্ছিলেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার কামাল বলেন, তাগাদা দেওয়ার পরও বাসটি দাঁড়িয়ে থাকলে ট্রাফিক সার্জেন্ট এমদাদ চালককে হয়তো চড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বাসচালক গাড়িটি তৃতীয় কর্ণফুলী সেতুর মুখে আড়াআড়ি দিয়ে রাখেন। এর ফলে সেতুর এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে পরে আরও পরিবহনশ্রমিকেরা মিলে সেতুর অপর পাশও গাড়ি আড়াআড়ি করে বন্ধ করে দেন। এতে দুই দিকে তীব্র যানজট দেখা দেয়। ওসি আনোয়ার কামাল বলেন, ‘পরে আমরা তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দিই। এ ব্যাপারে আগামীকাল (আজ মঙ্গলবার) ডিসি ট্রাফিক কার্যালয়ে সমঝোতা বৈঠক হওয়ার কথা রয়েছে।’