কর্ণফুলী সেতুর ঢালে নিয়ন্ত্রণহীন বাস দোকানে, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কর্ণফুলী তৃতীয় সেতুর উত্তর পারে চাক্তাই এলাকায় গতকাল শনিবার দুপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানে ঢুকে পড়েছে। এতে একজন নিহত ও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।বাসের ধাক্কায় নিহত ব্যক্তির নাম শাহজাহান (৪৫)। আহত ব্যক্তিরা হলেন মো. সেলিম (৩২), সিদ্দিক (৩২) ও সোহেল (১৮)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ২৯ মে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দিয়ে সড়কদ্বীপে উঠে যায়। এতে অন্তত তিনজন আহত হন। প্রায় এক মাস আগে একই স্থানে একটি রাইডার পার্শ্ববর্তী দোকানে ঢুকে পড়ে। একই স্থানে এভাবে বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।বাসযাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে শ্যামলিমা পরিবহনের বাসটি সেতু থেকে দ্রুতগতিতে নেমে গোলচত্বরের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর এটি পাশের একটি রিকশাকে ধাক্কা দিয়ে ফুটপাত হয়ে রাস্তার নিচের একটি ঝুপড়ি চা দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে ছয়-সাতজন লোক বসা ছিলেন। বাসের ধাক্কায় রিকশা ও দোকান ভেঙে যায়। বাসের সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়।দোকানের ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসা বাঁশখালীর আলী আকবর জানান, ‘আমি ওখানে ভাত খেয়ে টাকা দিচ্ছিলাম। এ সময় হঠাৎ দেখি একটা বাস গায়ের ওপর চলে আসছে। মুহূর্তেই বাসটি দোকানের টেবিল-চেয়ার ও লোকজনকে ঠেলে নিয়ে যায়। পরে আমি কোনোমতে বের হয়ে আসি।’বাসের যাত্রী শেখ আলাউদ্দিন বলেন, ‘কক্সবাজার থেকে বাসটি আসছিল। কিন্তু সেতু থেকে নামার সময় দ্রুতগতিতে এসে চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। দুর্ঘটনায় যাত্রীরাও কমবেশি আহত হন। দুর্ঘটনার পরপর চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। বেলা সাড়ে পাঁচটা পর্যন্ত বাসটি ক্রেন দিয়ে তোলা সম্ভব হয়নি। বাসের নিচে আর কেউ চাপা পড়েছে কি না, তা জানা যায়নি।বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মাহমুদ প্রথম আলোকে বলেন, এই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে। তৃতীয় সেতুর ঢালু পথ দিয়ে যানবাহনগুলো দ্রুত নেমে আসে। অনেক সময় চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। এ কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।