চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত পরিচয় এক মহিলা নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত পৌনে নয়টার দিকে চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতুর পশ্চিম পটিয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরই গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ওই সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হন।জানা গেছে, বোরকা পরিহিত অজ্ঞাত পরিচয় এক মহিলা রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারগামী দ্রুতগতির একটি বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। তারা ওই বাস আটকে ভাঙচুর করে। পরে তারা আরও অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।বিক্ষুব্ধ গ্রামবাসীর ইটের আঘাতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদও আহত হন। পুলিশের আহত হাবিলদার আবদুল মান্নানের মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে।পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে। এ সময় তারা এক মাসের মধ্যে ওই এলাকায় আন্ডারপাস বা ওভারপাস করা হবে বলে আশ্বাস দিলে বিক্ষুব্ধ গ্রামবাসী রাস্তা ছেড়ে দেয়।