কর্ণফুলীতে অবৈধভাবে চিংড়ি পোনা আহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোরে ভাটার সময়ে নদীতে নামি। এরপর সেখান থেকে পোনা সংগ্রহ করে পাড়ে উঠি। এখানে চিংড়ি পোনাগুলো আলাদা করে অন্য সব পোনা ফেলে দিই। এরপর পোনাগুলো ছেলেমেয়েদের হাতে দিয়ে বোটের কাছাকাছি এলাকায় পাঠিয়ে দিই। আমরা পোনাপ্রতি পাই এক থেকে দেড় টাকা করে। কিন্তু পোনার ব্যবসায়ী সাতক্ষীরা-খুলনার ব্যবসায়ীদের কাছে সেগুলো বিক্রি করেন তিন থেকে সাড়ে তিন টাকা করে।’
কথাগুলো চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড় থেকে চিংড়ি পোনা আহরণকারী এক ব্যক্তির। কর্ণফুলী নদীর মোহনা চরপাথরঘাটা এলাকায় গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। তিনি জানান তাঁরা কীভাবে পোনা আহরণ করেন।
জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, গত জুলাই মাস থেকে ২০ আগস্ট পর্যন্ত মৎস্য বিভাগ মোট ২৩ কোটি চিংড়ি পোনা উদ্ধার করেছে।
মৎস্য আইনে চিংড়ি পোনা আহরণ নিষিদ্ধ। আইন অমান্য করলে জেল-জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তার পরও অবৈধভাবে পোনা আহরণ ও বিক্রি চলছে।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে ঘটনাস্থলে গিয়ে চিংড়ি পোনা আহরণকারীদের আটক করি। কিন্তু পর্যাপ্ত জনবলের অভাবে সব সময় পোনা আহরণের নির্দিষ্ট সময়ে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয় না। তবে প্রায়ই গোপন খবরের ভিত্তিতে যানবাহনে করে চিংড়ি পোনা পাচারকালে সেগুলো উদ্ধার করে কর্ণফুলী নদীতে ছেড়ে দিই। এ সময় অবশ্য কোনো পাচারকারীর হদিস পাওয়া যায় না।’
মৎস্য ও প্রাণী বিশেষজ্ঞদের মতে, এভাবে চিংড়ি পোনা আহরণের ফলে জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। কারণ, উপকূলীয় এলাকায় অন্যান্য প্রজাতির পোনাও এ সময় আহরণকারীদের হাতে মারা পড়ে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও মৎস্য বিশেষজ্ঞ মঞ্জুরুল কিবরিয়া বলেন, একটি চিংড়ি পোনার সঙ্গে প্রায় ১২৫টি অন্য প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী উঠে আসে। মাছ আহরণকারীরা শুধু চিংড়ি পোনাটি বাছাই করার পর অন্য প্রজাতির পোনাগুলো মাটিতে ফেলে দেন। এতে এসব পোনা আহরণকারীদের হাতে প্রতিদিন কয়েক হাজার অন্য প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী মারা পড়ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। তিনি বলেন, এ ধরনের নিধনযজ্ঞ বন্ধে আহরণকারীদের হাতেনাতে ঘটনাস্থল থেকে প্রতিহত করা উচিত।
মঞ্জুরুল কিবরিয়া সরকারি পর্যায়ে হ্যাচারিতে উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন। তাঁর মতে, পোনার চাহিদা কমে এলে এভাবে অবৈধভাবে পোনা ধরার প্রবণতাও কমে আসবে।