কর্ণফুলীতে ইজারা ছাড়াই চলছে বালু উত্তোলন
কর্ণফুলী নদীর কালুরঘাট অংশে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে বালু উত্তোলন করা হচ্ছে। অথচ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে বালু উত্তোলনে কোনো ইজারা নেওয়া হয়নি। শুধু তা-ই নয়, বালু তোলার জন্য কালুরঘাট এলাকার ঘাটটি একরকম বন্ধ করে দেওয়া হয়েছে। মনছুর আলম ওরফে বাপ্পী নামের স্থানীয় একজন প্রভাবশালী বালু ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ উঠেছে।চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, কর্ণফুলী নদীর কালুরঘাট সেতুর উত্তর দিকের উজান থেকে ভাটি অর্থাৎ শাহ আমানত তৃতীয় সেতু পর্যন্ত নদীর নয়টি স্থানকে (ব্লক) বালু উত্তোলনের জন্য নির্ধারণ করেছে বন্দর কর্তৃপক্ষ। গত বছরের জুনে তিনটি ছাড়া বাকি ছয়টি স্থান এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। নির্ধারিত দর না পাওয়ায় ক্রমান্বয়ে ভাটির দিকে অবস্থিত ২, ৩ ও ৪ নম্বর ব্লক ইজারা দেওয়া যায়নি। প্রায় চার কিলোমিটার এলাকায় এই তিনটি ব্লকের অবস্থান।সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালুরঘাট থেকে কাপ্তাই হ্রদমুখী কর্ণফুলী নদীর উত্তরে রাঙ্গুনিয়া ও দক্ষিণে বোয়ালখালীর অবস্থান। কালুরঘাট সেতুটি একমুখী হওয়ায় পারাপার ঝুঁকিপূর্ণ। তাই নদীপথে পণ্য পরিবহন লাভজনক ও সহজ। ঘাট বন্ধ করে দেওয়ায় খেয়া পারাপার ও পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। ফলে ওই অঞ্চলের ব্যবসায়ীরা পণ্য পরিবহন নিয়ে সমস্যায় পড়ছেন, মাঝিরা হয়ে পড়েছেন কর্মহীন।জানা গেছে, কালুরঘাট সেতুর উত্তরে নদীর উজানে ১ নম্বর ব্লকের ইজারা পেয়েছে মেসার্স হাসান বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান। পরে ওই প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের মাধ্যমে মো. মনছুর আলমকে ১ নম্বর ব্লকের বালু উত্তোলনের জন্য পরিচালক নিয়োগ করে। গত ৬ জুলাই বন্দর কর্তৃপক্ষ পরিচালক নিয়োগসংক্রান্ত ওই কাগজে সই করে। তবে ১ নম্বর ব্লকের পাশাপাশি ইজারাবিহীন ব্লক তিনটি থেকেও খননযন্ত্র দিয়ে পাঁচ-ছয় মাস ধরে বালু উত্তোলন করছেন মনছুর ও তাঁর সহযোগীরা। এ ব্লকগুলো থেকে উত্তোলিত বালু নদীর দুই পারে স্তূপ করে রাখা হয়েছে। ঘাট বন্ধ করে বালু উত্তোলন ও মহাল করা সম্পর্কে মনসুর আলম বলেন, ‘ঘাটটি এমনিতেই কম ব্যবহূত হয়। আমরা সেটা তো ভেঙে দিইনি। আরে ভাই, আমরা ব্যবসা করে দুটো ভাত খাচ্ছি, এই আর কি।’চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, তিনটি ব্লক ইজারা দেওয়া হয়নি। এই তিনটি ব্লক থেকে বালু উত্তোলন করা হলে ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিনে গিয়ে আরও দেখা গেছে, ২ ও ৩ নম্বর ব্লকের মধ্যবর্তী স্থানের প্রায় এক কিলোমিটার স্পর্শকাতর এলাকা থেকেও বালু উত্তোলন করা হচ্ছে। কালুরঘাট সেতু, সিইউএফএল পাম্প হাউস ও মাটির নিচে পাইপলাইন থাকায় এলাকাটি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত। কালুরঘাটের খেয়াঘাটটি এই এলাকায়।