কর্ণফুলীতে ছড়িয়ে পড়েছে পাম তেল

চট্টগ্রাম বন্দরে পাম তেলবাহী একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ায় কর্ণফুলী নদীতে তেল ছড়িয়ে পড়েছে। গতকাল রোববার বেলা পৌনে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। কী পরিমাণ তেল নদীতে ছড়িয়েছে, তা জানা যায়নি। গতকাল সন্ধ্যা পর্যন্ত দূষণ রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
বন্দরের বেতার নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, বহির্নোঙর থেকে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সৌরভ’ ডলফিন অয়েল জেটি-৭-এ (তেল খালাসের স্থাপনা) ভেড়ানো হচ্ছিল। এ সময় পাশের স্থাপনায় (রিভার মুরিং-৮) তেল খালাসরত একটি ট্যাংকারের (এমটি ফেং হাই-১৫) রশির সঙ্গে বাংলার সৌরভের নোঙর পেঁচিয়ে যায়।
বন্দর সূত্র জানায়, দুর্ঘটনার পর ফেং হাই ট্যাংকারটি ভারসাম্যহীন হয়ে পড়লে তেল খালাসের পাইপ ভেঙে যায়। এতে তেল নদীতে ছড়িয়ে পড়ে। গতকাল রোববার বিকেল চারটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তখনো নদীতে তেল ভাসছিল।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করছে নৌবাহিনী।
বন্দর সূত্র জানায়, চট্টগ্রামের টি কে গ্রুপ ইন্দোনেশিয়া থেকে এই জাহাজে করে ৭ হাজার ৪৮১ টন পাম তেল আমদানি করে। দুর্ঘটনার আগ পর্যন্ত জাহাজটি থেকে পাইপের মাধ্যমে ১ হাজার ১৯ টন পাম তেল ট্যাংক টার্মিনালে স্থানান্তর করা হয়।
এমটি ফেং হাই-১৫ জাহাজের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদী ট্রেডিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক কাজী আবু নাঈম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার বিষয়টি জাহাজের মালিককে জানানো হয়েছে। তাঁরা প্রতিনিধির মাধ্যমে জরিপ করার পরই কী পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে, এর হিসাব পাওয়া যাবে।
নদীতে তেল ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, বন্দরের নৌ বিভাগে দূষণ রোধের জন্য ব্যবস্থা আছে। নৌ বিভাগ থেকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বন্দরের বেতার নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার পরই জাহাজটি বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে।