কর্ণফুলীতে ডুবে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় নৌকায় উঠতে গেলে ব্যবহার করতে হয় বাঁশের সাঁকো। কিন্তু অল্প পানি দেখে হেঁটেই নৌকায় উঠতে যান বাবু মুৎসুদ্দি (২০) ও তাঁর দুই বন্ধু। নদীতে তখন ভাটার টান। তা দেখে ওপরে উঠে যান দুই বন্ধু। কিন্তু এগোতে থাকেন বাবু। আর একটু হলে তলিয়ে যাচ্ছিলেন তিনি। এবার কোনোভাবে তাঁকে রক্ষা করেন নৌকার এক মাঝি। বন্ধু ও মাঝিদের নিষেধ উপেক্ষা করে আবারও একই কাণ্ড ঘটান বাবু। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। ভাটার টানে তলিয়ে যান কর্ণফুলী নদীতে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক বাবু মুৎসুদ্দির এ করুণ মৃত্যুর ঘটনা ঘটে গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সিংহ বলেন, প্রথমবার রক্ষা পাওয়ার পরও সবার নিষেধ উপেক্ষা করে হেঁটে নদীর সামনে এগোতে থাকেন বাবু। কিন্তু তখন পানির ঘূর্ণিপাকে ও ভাটার টানে তলিয়ে যান তিনি। নিহত বাবু নগরের পাথরঘাটা এলাকার কাজেম আলী রোডের বাসিন্দা অজয় মুৎসুদ্দির ছেলে। তাঁদের গ্রামের বাড়ি রাউজানের পাহাড়তলী ইউনিয়নের বৈদ্যপাড়া এলাকায়।