কর্ণফুলীতে তলিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারজুমা আক্তার
ফারজুমা আক্তার

কর্ণফুলী নদীতে পা পিছলে পড়ে নিখোঁজ শিশু ফারজুমা আক্তারের (৮) লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজের ২১ ঘণ্টা পর আজ বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক এলাকার নদীর বালুর চর থেকে তাঁর লাশ উদ্ধার হয়।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কোদালা ইউনিয়নের ধোপাঘাটে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যায় ফারজুমা। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে উপজেলার কোদালা ধোপাঘাট এলাকার প্রবাসী রহিম উল্লাহর মেয়ে এবং চন্দ্রঘোনা টিউলিপ কেজি অ্যান্ড হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

নিখোঁজের খবর পেয়ে আজ বুধবার সকাল থেকে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল কর্ণফুলীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালায়।

ফারজুমার মামা মো. সেকান্দর বলেন, ‘আমার ভাগনি তার দুই খালাতো বোনের সাথে দুপুরে কোদালা ধোপাঘাটে হাত ধুতে নামে। একপর্যায়ে সে পা পিছলে পানিতে পড়ে নদীতে তলিয়ে যায়। নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারের চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরাও ঘটনাস্থলে তল্লাশি চালায়। আমি ইঞ্জিনচালিত নৌকায় নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির সময় শিলক এলাকায় কর্ণফুলীর চরে তার লাশ দেখতে পাই।’