কর্ণফুলীতে নৌকা ডুবিতে নিখোঁজ তিনজন
চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন ৫ নম্বর জেটি এলাকায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন: জরিনা বেগম (৩০) ও তাঁর মেয়ে বন্দর থানার বেগমজান হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী জেসমিন আক্তার (১৪) এবং জাহাঙ্গীর (২২)। তাঁদের বাড়ি কর্ণফুলীর দক্ষিণ পারের ডাঙ্গারচর এলাকায়। কোস্টগার্ড ও নৌবাহিনীর জাহাজ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘ইঞ্জিনচালিত নৌকা ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল। তাঁরা সবাই ডাঙ্গারচর এলাকার বাসিন্দা। পার হওয়ার সময় একটি বড় চলন্ত লাইটার জাহাজের ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়।’তবে প্রত্যক্ষদর্শীরা জানান, লাইটার জাহাজ যাওয়ার সময় প্রপেলারের ঢেউয়ের তোড়ে নৌকাটি অপর একটি জাহাজের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। তখন নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর কিছু যাত্রী সাঁতরে কূলে ওঠে। বাকিদের কোস্টগার্ড ও নৌবাহিনী উদ্ধার করে। ঘটনাস্থলে থাকা কোস্টগার্ডের কমান্ডার মো. জসিম-উজ-জামান প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পর পর আমরা ১০ জনকে উদ্ধার করি। বাকিরা সাঁতরে কূলে ওঠে।