কর্ণফুলীতে ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিজঘাটের দক্ষিণ পাড়ের চরপাথরঘাটার পুরোনো ব্রিজ ফেরিঘাটটি (বেইলি ব্রিজ) গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি ট্রাকসহ উল্টে নদীতে পড়ে গেছে। ফলে সন্ধ্যা থেকে কর্ণফুলী নদীর দুই পাড়ে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট থেকে ফেরিযোগে কয়েকটি পণ্যবোঝাই ট্রাক ও অন্যান্য যানবাহন দক্ষিণ পাড়ে পুরোনো ব্রিজ ফেরিঘাটে যায়। এ সময় লোহার পাতভর্তি একটি ট্রাক ফেরি থেকে ঘাটের বেইলি সেতুতে ওঠার পর এটি একদিকে কাত হয়ে যায়। ফলে ট্রাকটি উল্টে নদীতে পড়ে যায়। এ সময় সেতুর রেলিংটি ভেঙে যায়। সেতুটি (ঘাট) কাত হয়ে থাকে।ফেরিঘাটের ইজারাদার ইসলাম আহমেদ ঘটনা নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যার দিকে একটি ট্রাক ওঠার পর সেতুটি একদিকে কাত হয়ে ভেঙে যায়। ট্রাকটিও পানিতে পড়ে যায়। সেতুর তত্ত্বাবধানকারী সড়ক ও জনপদের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশা করি, এক সপ্তাহের মধ্যে সেতু মেরামত করা যাবে।’