কর্ণফুলীতে বিধ্বস্ত জঙ্গি বিমান পুরোটা তোলার চেষ্টা চলছে
কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর জঙ্গি বিমানের দু-তিনটি খণ্ডাংশ গতকাল শুক্রবার দুপুরে উদ্ধার করেছে নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ উদ্ধারকারী দল। তারা ডুবে যাওয়া বিমানের স্থানটি চিহ্নিত করেছে। গত দুই দিনে এটির ওপর পলির বড় স্তর জমে গেছে বলে জানা যায়।বিমানবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বিধ্বস্ত এফ-৭ মডেলের এই জঙ্গি বিমানটি আর মেরামত করে ব্যবহার করা সম্ভব নয়। তবে দুর্ঘটনার কারণ তদন্তের স্বার্থে পুরোটা তুলে আনার চেষ্টা চলছে। এটি ২৫-৩০ ফুট পানির নিচে, মাটির তলে গেছে আরও অন্তত তিন ফুট।জানা যায়, বিধ্বস্ত এই জঙ্গি বিমান উদ্ধার করার জন্য কর্ণফুলী নদীর জোয়ার-ভাটা পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে জোয়ারে স্রোতের টান বেশি। এই টান কমে এলে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বিএনএস বলবানের সাহায্যে এটি তুলে আনার চেষ্টা করা হবে। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে বিমানবাহিনীর বিএএফ জরুহুল হক ঘাঁটিতে অবতরণের ২০ সেকেন্ড আগে বিমানটি বিধ্বস্ত হয়। তার আগেই বৈমানিক আহমেদ সানজিদ (২৬) প্যারাসুটের মাধ্যমে নদীতে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন। তিনি বর্তমানে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।