কর্ণফুলীতে নৌকাডুবি, এক নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকার ১১ নম্বর ঘাট দিয়ে আনোয়ারা যাওয়ার পথে আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে যাত্রীসহ একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় একজন নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকার মাঝিসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে নৌবাহিনী থেকে জানানো হয়েছে। তবে এখনো নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে।

কর্ণফুলী থানার পুলিশ জানায়, নিহত নারীর নাম রিনা দাশ (৪৫)। তাঁর বাড়ি আনোয়ারার জুলধা ইউনিয়নের সনাতন পাড়ায়।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের প্রধান ক্যাপ্টেন শহীদুল ইসলাম রাত ১০টায় প্রথম আলোকে জানান, পতেঙ্গা এলাকার ১১ নম্বর ঘাট থেকে রওনা হওয়ার কিছুক্ষণ পরই বোট ক্লাবের কাছে বালিবাহী নৌযান ‘সম্রাট-৩’ এর সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌযানটি ডুবে যায়। ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু হয়। প্রথমেই নৌকার মাঝি মো. আলীকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য দিয়ে নৌবাহিনী থেকে মুঠোফোনে খুদে বার্তা দিয়ে জানানো হয়, মেরিন একাডেমি জেটি এলাকা থেকে একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৮ জন যাত্রীকে। নৌবাহিনীর তিনটি শক্তিশালী নৌযান উদ্ধার অভিযান চালাচ্ছে। এতে দুটি ডুবুরি দলও রয়েছে।

কোস্টগার্ড, নৌবাহিনী ও বন্দর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উদ্ধার হওয়া যাত্রীরা কর্মস্থল থেকে পতেঙ্গার ১১ নম্বর ঘাট দিয়ে আনোয়ারা ও আশপাশের এলাকায় যাচ্ছিল। ডুবে যাওয়ার সময় নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এতে ৪০-৪৫ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। ১১ নম্বর ঘাট থেকে কিছু দূর যাওয়ার পরই বোট ক্লাবের কাছে নৌকাটি ডুবে যাওয়ায় যাত্রীরা রক্ষা পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তীরের কাছাকাছি হওয়ায় অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি নৌবাহিনী ও কোস্টগার্ডের জেটি থাকায় দ্রুত উদ্ধারকারী দলটি ঘটনাস্থলে পৌঁছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরই রাতে স্বজনদের খোঁজে মাতব্বর ঘাট এলাকায় সহস্রাধিক মানুষ ভিড় করে। একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘নৌকাটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’