কর্ণফুলীতে সাম্পান-বাইচ
কর্ণফুলীর দুই পাড়ে উপচে পড়া মানুষ। ঢোলের তালে তালে চলছে বৈঠা। সবার চোখ বিদ্যুৎবেগে ছুটে চলা সাম্পানগুলোর দিকে। গতকাল শুক্রবার বিকেলে কর্ণফুলী নদীতে আয়োজিত সাম্পান-বাইচের দৃশ্যচিত্র ছিল এমনই। বাইচের আয়োজন করে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। ‘অদম্য চট্টগ্রাম উৎসব’-এর অংশ হিসেবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।চরপাথরঘাটা থেকে ফিরিঙ্গীবাজার ব্রিজঘাটা পর্যন্ত প্রায় এক মাইল নদীপথ পাড়ি দিতে হয় প্রতিযোগীদের। প্রতিযোগিতা ঘিরে আয়োজন করা হয় কবিগান, আঞ্চলিক গান ও আঞ্চলিক ছড়ার। মঞ্চ গড়ে তোলা হয় ফিরিঙ্গীবাজারে।বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। অতিথি ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, ডেইলি স্টার-এর ডিফেন্স ও স্ট্র্যাটেজিক সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাঈদুল আনাম খান প্রমুখ। সাম্পান-বাইচে প্রথম হয়েছে তোতা মিয়া ও তাঁর দল, দ্বিতীয় শেখ আহম্মদ ফজল ও তাঁর দল এবং তৃতীয় হয়েছে সুজন মাঝি ও তাঁর দল। পুরস্কার হিসেবে প্রথম হওয়া দলটিকে একটি ফ্রিজ, দ্বিতীয় দলকে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং তৃতীয় দলকে ১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন দেওয়া হয়। প্রযুক্তির মোহনায় নবীন-প্রবীণ: এদিকে গতকাল ফুলকি প্রাঙ্গণে খুদে বিজ্ঞানীরা যখন তাদের উদ্ভাবিত বৈজ্ঞানিক প্রকল্প উপস্থাপন করছিল, তখন ফুলকি মিলনায়তনে চট্টগ্রামে বিজ্ঞান গবেষণার চিত্র তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। চলমান অদম্য চট্টগ্রাম উৎসব উপলক্ষে ‘চট্টগ্রাম ও বিজ্ঞানচর্চা’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান সাজানো হয়েছিল। এতে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে গত ২০ বছরে চট্টগ্রামের অগ্রগতির চিত্র তুলে ধরে বিজ্ঞানীরা। ‘গবেষণার সার্বিক চিত্র উপস্থাপন’ শীর্ষক এই আয়োজনে ছয়টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।