কর্ণফুলীতে সাম্পান মাঝিদের ধর্মঘট
চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট থেকে পশ্চিম পটিয়ায় যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছেন সাম্পান মাঝিরা (ইঞ্জিনচালিত নৌকাচালক)।
ঘাটমালিকদের সঙ্গে ভাড়া নিয়ে বিরোধের কারণে গতকাল শনিবার ভোর পাঁচটা থেকে তাঁরা সাম্পান চালনা বন্ধ রেখেছেন। বিকেলে সমস্যার সমাধানে ঘাটমালিকদের সঙ্গে আলোচনা চলছিল বলে জানা গেছে।
এই নৌপথে প্রতিদিন প্রায় তিন হাজার যাত্রী পারাপার করে বলে সাম্পান মাঝিদের সূত্রে জানা গেছে। এদের মধ্যে রয়েছেন পোশাকশিল্পের শ্রমিক, সবজিচাষি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। হঠাৎ করে সাম্পান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের।
গতকাল বিকেলে ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে ইছানগর সাম্পানচালক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. ইউসুফ মিয়া প্রথম আলোকে বলেন, ঘাটমালিকেরা অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন সাম্পান মাঝিদের। এভাবে ভাড়া বাড়ানো হলে তার চাপ পড়বে সাধারণ যাত্রীদের ওপর। এটা মেনে নিতে রাজি না হওয়ায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ঘাটমালিকদের সঙ্গে এ ব্যাপারে বৈঠক হচ্ছে। দাবি মানা না হলে ধর্মঘট চলবে।
জানা গেছে, ঘাটমালিকদের পক্ষ থেকে যাত্রীপ্রতি পারাপার বাবদ আট টাকা করে ভাড়া দাবি করা হচ্ছে। সাম্পানচালকেরা আগে সাত টাকা করে ভাড়া নিতেন।
বাংলাবাজার ঘাট থেকে পশ্চিম পটিয়া নৌপথে ৩০৭ জন সাম্পানচালক রয়েছেন বলে জানা গেছে। তাঁদের সবাই ধর্মঘটে অংশ নিয়েছেন।