
ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের কৌশলগত সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছে চীন। দ্বিপক্ষীয় সহযোগিতার সমন্বিত অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে দুই দেশের বাণিজ্য ঘাটতি দূর করারও উদ্যোগ নেবে দেশটি।
গতকাল মঙ্গলবার বেইজিং থেকে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রতিশ্রুতি দেন। গ্রেট হল অব পিপলে এই বৈঠক হয়। তিনি জানান, কর্ণফুলী নদীর তলদেশে সুড়ঙ্গপথ নির্মাণের জন্য বাংলাদেশ ও চীন গত সোমবার গভীর রাতে একটি সমঝোতা স্মারকে সই করেছে। এ ছাড়া মুন্সিগঞ্জের গজারিয়ায় গার্মেন্টস পল্লির উন্নয়নে গতকাল বিজিএমইএর সঙ্গে চীনের প্রতিষ্ঠান ওরিয়ন হোল্ডিং একটি সমঝোতা স্মারকে সই করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কর্ণফুলীর তলদেশে বহু লেনভিত্তিক সুড়ঙ্গপথ নির্মাণে চীন সহজ শর্তে ১০০ কোটি ডলার ঋণ দেবে। এটি নির্মাণ করবে চীনের একটি প্রতিষ্ঠান।
এদিকে চীন সফরের পঞ্চম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের সভাপতি উ ঝেনশেংয়ের সঙ্গেও বৈঠক করেন। এ ছাড়া তিনি চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) আয়োজিত বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা ফোরামে ভাষণ দেন। চীন সফর শেষে আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক: বেইজিং থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ-চীন সহযোগিতার সমন্বিত অংশীদারত্ব জোরদারের অঙ্গীকার করেছেন। যৌথ ঘোষণায় এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্রসচিব শহীদুল হক জানান, কৌশলগত কারণে চীনের কাছে গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ। কৌশলগত অংশীদারির বিষয়টিকে বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে চীন কাজ করবে বলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট। দুই দেশের বিদ্যমান সামরিক সহযোগিতা নিয়েও শেখ হাসিনার সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করেন শি জিনপিং। ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে কৌশলগত সম্পর্ক আরও নিবিড় হবে বলে চীনের প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্রসচিব জানান, দুই দেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি দূর করতে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। এ ছাড়া বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে সুপার হাইব্রিড ধান উৎপাদনে বিনা শর্তে সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন চীনের প্রেসিডেন্ট।
চীনের প্রেসিডেন্ট তাঁদের নতুন উদ্যোগ ‘সিল্ক রুট ইকোনমিক বেল্ট অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মেরিটাইম সিল্ক রুট’-এর বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এই পথ চীন থেকে শুরু হয়ে বাংলাদেশ-ভারত হয়ে আফ্রিকা পর্যন্ত যাবে।
জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে৷ শি জিনপিং এ আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের কথা জানান৷
বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।