কর্ণফুলীতে ৭০ হাজার লিটার ফার্নেস তেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়েছে ফার্নেস তেল। কর্ণফুলীর কালুরঘাট অংশে একটি ছোট খালের মাধ্যমে এই তেল নদীতে গিয়ে মিশছে। গত মঙ্গলবার রেলের তেলবাহী ওয়াগনের ছয়টি ট্যাংকার লাইনচ্যুত হলে তেল ছড়িয়ে পড়ে।
দোহাজারি পিকিং পাওয়ার প্লান্টের জন্য এই ফার্নেস তেল নিয়ে যাওয়া হচ্ছিল। কালুরঘাট সেতু পার হওয়ার পর মঙ্গলবার দুপুরের দিকে ওয়াগনটি লাইনচ্যুত হয়। এ সময় তেলবাহী তিনটি ট্যাংকার পুরোপুরি উল্টে যায়। অন্য তিনটি ট্যাংকার কাত হয়ে যায়।
রেলওয়ের বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী ওয়াহিদুর রহমান জানান, উল্টে যাওয়া ট্যাংকার তিনটির দুই-তৃতীয়াংশ তেল পড়ে যায়। কাত হয়ে যাওয়া ট্যাংকার তিনটির ২০ শতাংশ তেল পড়ে যায়। প্রতিটি ট্যাংকারের ধারণক্ষমতা ৩৩ হাজার লিটার। যদি ৩০ হাজার লিটার করে তেলও থাকে তাহলে ইতিমধ্যে কমপক্ষে ৭০ হাজার লিটার তেল কর্ণফুলী নদীতে মিশেছে।
সরেজমিনে দেখা গেছে, ফার্নেস তেল রেললাইনের পাশের ব্রিকফিল্ডের খাল হয়ে কর্ণফুলীতে গিয়ে পড়ছে। কালো তেলে এখন একাকার হয়ে গেছে কালুরঘাট সেতু এলাকার নদী। পাশাপাশি নদীর পাড়ের ঘাস-কচুরিপানায় কালো তেল জমেছে। গতকাল দুপুরে তেল নদীতে গিয়ে মিশতে দেখা গেছে। খালে মরা মাছও ভাসতে দেখা গেছে।
কর্ণফুলীর স্থানীয় মাঝি পরিমল জানান, দুপুরে বগি লাইনচ্যুত হওয়ার পর সন্ধ্যা থেকে তেল নদীতে মিশেছে। খালের পাড় কালো হয়ে গেছে। নদীর পানি এখন মুখে নেওয়ার অবস্থা নেই।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সুকুমার ভৌমিক বলেন, প্রতিটি ট্যাংকারে ৩৩ হাজার কিংবা এর চেয়ে কিছু কম তেল ছিল। তিনটি ট্যাংকার পুরোপুরি উল্টে যাওয়ায় বেশির ভাগ তেল পড়ে গেছে। বাকি তিনটি থেকেও কিছু কিছু তেল পড়ছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় কর্ণফুলী দূষিত হচ্ছে।
কর্ণফুলী নিয়ে দীর্ঘদিন গবেষণায় আছেন চট্টগ্রাম কলেজের শিক্ষক মো. ইদ্রিস। তিনি বলেন, তেলের দূষণ নদীর জন্য খুবই ক্ষতিকর। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এ ছাড়া দীর্ঘমেয়াদি দূষণে পড়বে নদী।
কালুরঘাট সেতু এলাকার একটু দূরে ওয়াসার মোহরা পানি শোধনাগার প্রকল্প। তবে ভয়াবহ এই দূষণ সম্পর্কে বুধবার বিকেল পর্যন্ত অবগত ছিল না পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হারুন অর রশিদ বলেন, ‘আমরা বিষয়টি জানতাম না। এখনই ওই এলাকায় যাচ্ছি।’
এদিকে ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে।