কর্ণফুলীপারের মেরিনার্স সড়কে যান চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে চট্টগ্রাম নগরের মেরিনার্স সড়কের দ্বিতীয় অংশ। কর্ণফুলী নদীপারের এই সড়কের দৈর্ঘ্য ১ দশমিক ২৫ কিলোমিটার। সড়কটি ৩০ ফুট চওড়া। ফিরিঙ্গিবাজার থেকে শাহ আমানত সেতু সংযোগ সড়কের বশিরুজ্জামান চত্বর পর্যন্ত নতুন এই সড়ক চালু হওয়ায় নগরের বহদ্দারহাট অংশের যানজট অনেকটাই কমে আসবে বলে আশা করছেন সিটি করপোরেশনের প্রকৌশলীরা।
গত শনিবার দুপুর থেকে মেরিনার্স সড়কে গাড়ি চলাচল করতে দেয় সিটি করপোরেশন। ২০১২ সালের শুরুর দিকে মেরিনার্স সড়কের নির্মাণকাজ শুরু হয়। এ প্রকল্পে ব্যয় হচ্ছে ২৫ কোটি টাকা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন প্রথম আলোকে বলেন, কক্সবাজার ও বান্দরবান থেকে আসা ঢাকাগামী গাড়িগুলো এখন থেকে শাহ আমানত সেতু পার হওয়ার পর আর বহদ্দারহাটে যেতে হবে না। এর পরিবর্তে মেরিনার্স সড়ক ব্যবহার করে গাড়িগুলো কোতোয়ালি মোড়, নিউমার্কেট ও কদমতলী সড়ক হয়ে ডিটি রোড দিয়ে ঢাকায় যেতে পারবে। এতে প্রায় ১০-১২ কিলোমিটার দূরত্ব যেমন কমবে, তেমনি সময়ও বাঁচবে। তিনি বলেন, দু-এক দিনের মধ্যে সড়কে কার্পেটিংয়ের (পিচ) কাজ শুরু হবে। ফুটপাতও নির্মাণ করা হবে। এক মাসের মধ্যে সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, মেরিনার্স সড়কের পাশেই আশরাফ আলী সড়ক। এ সড়কের রাজাখালী সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার এই সেতুর ওপর দিয়ে ট্রাক, বাস ও অন্য ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে। এ কারণে বিকল্প সড়ক হিসেবে মেরিনার্স সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ সড়কে যান চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য গত শনিবার নগর পুলিশের ট্রাফিক বিভাগকে চিঠি দিয়েছে সিটি করপোরেশন।
গতকাল রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, মেরিনার্স সড়কে পণ্যবাহী ট্রাক, টেম্পো, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। তবে সড়কের চামড়ার গুদাম থেকে শাহ আমানত সেতু সংযোগ সড়কের বশিরুজ্জামান চত্বর পর্যন্ত পিচ নেই। রাস্তায় ধুলাবালু উড়ছে। এতে অস্বস্তিতে পড়ছেন যাত্রীরা। এ ছাড়া সড়কের ভেড়া মার্কেট অংশের একপাশে ফুটপাত নেই। মেরিনার্স সড়ক চালু হওয়ায় পাশের আশরাফ আলী সড়কে গতকাল গাড়ির তেমন চাপ ছিল না।
বাসচালক মোহাম্মদ জামাল উদ্দিন ও অটোরিকশাচালক মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, মেরিনার্স সড়ক চালু হওয়ায় এখন আর আশরাফ আলী সড়কের রাজাখালী ব্রিজ এলাকায় যানজটে পড়তে হবে না। অল্প সময়ের মধ্যেই শাহ আমানত সেতু থেকে কোতোয়ালি মোড়ে যাওয়া যাবে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, যান চলাচলের জন্য মেরিনার্স সড়ক উন্মুক্ত করে দেওয়ায় পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা ও বাঁশখালীর মানুষ খুব সহজেই চট্টগ্রাম নগরে আসতে পারবে। এ ছাড়া নগরের বহদ্দারহাটের যানজট কিছুটা কমবে। এই সড়ক ফিরিঙ্গিবাজারের ব্রিজঘাটা থেকে সদরঘাট পর্যন্ত বর্ধিত করার পরামর্শ দেন তিনি।