কর্ণফুলীর খনন প্রকল্প শেষ পর্যায়ে এসে থেমে গেছে
নদীপাড়ের সামনে পানির মধ্যে উঁচু হয়ে আছে মাটির স্তূপ। সংস্কারকাজ ও খননকাজে ব্যবহূত যন্ত্রগুলোর কোনোটিও চলছে না। কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু থেকে উজানে প্রায় আড়াই কিলোমিটার নদীর পাড় পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বড় আকারের খননকাজের প্রকল্প শেষ পর্যায়ে এসে থেমে গেছে।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের এই চিত্র দেখা গেছে। বন্দরের হিসাবে, গত পাঁচ মাস ধরে কার্যত ধারাবাহিকভাবে কোনো কাজ হয়নি প্রকল্প এলাকায়। নির্ধারিত সময়ের প্রায় এক বছরের বেশি সময় পরও এখনো প্রায় ২০ শতাংশ কাজই শেষ হয়নি। এ নিয়ে বন্দর কর্তৃপক্ষ ও মালয়েশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশনের (এমএমডিসি) মধ্যে চলছে টানাপোড়েন।
চুক্তি অনুযায়ী, ২২৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল গত বছরের জানুয়ারিতে। এর মধ্যে শাহ আমানত সেতু থেকে সদরঘাট পর্যন্ত নদীর পাড় সংরক্ষণ ও খালের মুখের সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে। সদরঘাটের পাশে ৪০০ মিটার জেটি নির্মাণও শেষ হয়েছে অনেক আগে।
কিন্তু দফায় দফায় সময় বাড়ানোর পরও খননসহ বেশ কিছু কাজ শেষ হয়নি। সর্বশেষ গত বছরের ২৯ অক্টোবর ঠিকাদারি প্রতিষ্ঠান বন্দরকে জানায়, এ বছর এপ্রিলের মধ্যে কাজ শেষ হবে। কিন্তু সংশোধিত সময়সূচি অনুযায়ীও ঠিকাদার কাজ শেষ করতে পারেনি।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছরের বেশি সময় দেওয়া হয়েছে। এর পরও তারা কাজ শেষ করতে পারেনি। এ কারণেই প্রকল্পের ২০ শতাংশ কাজ শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগের চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে নৌ-মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। বিষয়টি মালয়েশিয়ার দূতাবাসকেও অবহিত করা হচ্ছে।
প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, প্রকল্পের আওতায় আটটি খালের মুখে সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে। তবে মৎস্য অবতরণ কেন্দ্রের উজান থেকে সদরঘাট পর্যন্ত বালুমাটির স্তূপ পড়ে আছে নদীপাড়ের সামনে-পেছনে। প্রকল্পের আশপাশে খননকাজের মাটি রাখার জায়গা নেই কোথাও। বর্ষার আগে এসব বালুমাটি অপসারণ করতে না পারলে প্রকল্প এলাকায় আবারও ভরাট হওয়ার শঙ্কা আছে বলে জানালেন স্থানীয়রা।
প্রকল্পের আওতায় মূল কাজ তিনটি। প্রায় আড়াই কিলোমিটার নদীপাড় সংরক্ষণ, ৪০০ মিটার লম্বা জেটি নির্মাণ এবং কর্ণফুলী থেকে ৩৬ লাখ ঘনমিটার বালুমাটি অপসারণ। এই মূল তিনটি কাজের মধ্যে খননকাজের বড় অংশই শেষ হয়নি।
বন্দরের হিসাবে, খননকাজ হয়েছে প্রায় ১৫ লাখ ঘনমিটার। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, জরিপ অনুযায়ী প্রায় ২৩ লাখ ঘনমিটার খননকাজ শেষ হয়েছে।
প্রকল্পের মালয়েশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএমডিসির স্থানীয় ব্যবস্থাপনা প্রতিনিধি হিসেবে কাজ করছে প্যাসিফিক মেরিন সার্ভিসেস। এ সংস্থার পরিচালক আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ধারাবাহিকভাবে কাজ হয়তো চলছে না। তবে প্রকল্প এলাকায় কাজ থেমে নেই। কর্ণফুলী থেকে তুলে আনা কাদামাটি অপসারণ করতে না পারায় ধারাবাহিকভাবে খননকাজ করা যাচ্ছে না। এসব মাটি সরানোটাই এখন মূল বাধা।